শিক্ষক দিবসের দিনেই ঝোপ জঙ্গলে পাওয়া গেল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি

দেশ যখন শিক্ষক দিবস পালন করছে তখন বাংলার শিক্ষা জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি অবহেলায় পাওয়া গেল জঙ্গল থেকে।

অবহেলায় পড়ে থাকা বিদ্যাসাগরের মূর্তি, ছবি - আইএএনএস

বাংলার জন্য এ এক দুর্ভাগ্যজনক ঘটনা। তাও আবার সেটা কিনা শিক্ষক দিবসের দিনেই! শিক্ষক দিবসের দিন যেখানে ছাত্রছাত্রী থেকে সব বয়সের মানুষ তাঁদের শিক্ষাগুরুদের শ্রদ্ধা সম্মান প্রদর্শনে ব্যস্ত তখন এই বাংলার অন্যতম উজ্জ্বল শিক্ষা ব্যক্তিত্ব তথা শিক্ষা সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তির খোঁজ পাওয়া গেল একটি ঝোপ জঙ্গলের মধ্যে। যেখানে সেটি অত্যন্ত অবহেলার সঙ্গে কার্যত ফেলে দেওয়া জিনিসের মত পড়েছিল।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে ওই আবক্ষ মূর্তিটি বসানো ছিল। সেখান থেকেই মূর্তিটি কেউ বা কারা ওই জঙ্গলে ফেলে দিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে ওই বাগানের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা নিয়ে। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনও।

স্থানীয় মানুষ তো বুঝেই উঠতে পারছেন না যে পার্কে তাঁদের নিত্য যাতায়াত, যে পার্কের পাশ দিয়ে সারাক্ষণ মানুষের আনাগোনা, সেখানে এভাবে বিদ্যাসাগরের মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলের মধ্যে, অথচ কেউ টেরও পেলেননা?

২০২০ সালের সেপ্টেম্বর মাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই মূর্তিটি পার্কে বসানো হয়েছিল। সমাজ সংস্কার ও শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অনন্য অবদানকে স্বীকৃতি দিয়ে এই আবক্ষ মূর্তি ওই শিশু উদ্যানের শোভাও বাড়াচ্ছিল।

নারী শিক্ষার বিস্তার থেকে শিক্ষাক্ষেত্রের সংস্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জায়গা বাঙালির হৃদয়ে, মননে চিরকালীন। সেই প্রাতঃস্মরণীয় এক মানুষের মূর্তির এহেন অবহেলা কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। ঠিক কি হয়েছে, কারা করেছে এসব জানতে চাইছেন তাঁরা।