ওমান বর্ধিষ্ণু দেশ। সেই দেশে এবার পাড়ি দিল ভারতের অন্যতম প্রাচীন শহরের বিস্কুট। যে শহরকে ভারত বলেই নয়, বিশ্বের অন্যতম প্রাচীন শহর বলে ব্যাখ্যা করা হয়। সেই শহরে তৈরি হওয়া নানাধরনের বিস্কুট এই প্রথম পাড়ি দিয়েছে ওমানে। যা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
প্রথম দফায় ৪০ মেট্রিক টন বিস্কুট ওমান গিয়েছে। ভারত ও ওমানের মধ্যে তৈরি হওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-এর কথা মাথায় রেখে এই বিস্কুট গিয়েছে ওমানে।
একটি মউ স্বাক্ষরিত হয়েছে যেখানে ওমান সহ গালফ কোঅপারেশন কাউন্সিল-এ থাকা অন্য দেশগুলিতে ভারত থেকে ৭০০ মেট্রিক টন বিস্কুট রফতানি হবে। আর তা হবে ২০২৬-২৭ অর্থবর্ষে।
ওমানে যে ৪০ মেট্রিক টন বিস্কুট গিয়েছে তা পাঠানো হয়েছে ভারতের অন্যতম প্রাচীন ও আধ্যাত্মিক শহর বারাণসী থেকে। গঙ্গা পারের এই শহরের বিস্কুটের স্বাদ এখন ওমানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়তে চলেছে।
ওমানে যে দোকানগুলি রয়েছে সেখানে অন্য বিস্কুটের সঙ্গে পাল্লা দিয়ে শাসন করবে ভারতের বিস্কুট। এদিকে যে বিস্কুট ভারত থেকে রফতানি হয়েছে তা করশূন্য হওয়ার সুবিধা পেয়েছে।
ফলে তার দাম ওমানের বাজারে প্রতিযোগিতামূলক রাখা সম্ভব হয়েছে। দামে সুবিধা ও স্বাদে মন ভরাতে পারলে ভারতীয় বিস্কুটের একটা বড় বাজার অপেক্ষা করছে ওমান সহ গালফ কোঅপারেশন কাউন্সিল-এ থাকা অন্য দেশগুলিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা