ভারতে এখন ক্রমে বর্ষা ছড়িয়ে পড়ছে। থমকে যাওয়া বর্ষা এখন গতি পেয়েছে। মহারাষ্ট্রেও বর্ষা ঢুকে পড়েছে। মুম্বইতে প্রথম বর্ষার বৃষ্টিতে বানভাসি অবস্থা। অন্যদিকে ক্রমে বর্ষার দাপট ও বৃষ্টি কমাচ্ছে প্রখর দাবদাহের গ্রাস।
ভারতের উত্তর ও উত্তর পশ্চিম ভাগে তাপপ্রবাহ অতীত। এখন মেঘ ছাইছে। বৃষ্টিও হচ্ছে। ভারতে বরং বিভিন্ন জায়গায় এখন নতুন চিন্তার নাম গরম নয়, বন্যা।
ভারতে যখন বর্ষার ক্ষমতায়ন গরমের দাপট কমাচ্ছে তখন পৃথিবীর অন্য প্রান্তে ইউরোপ মহাদেশ জুড়ে গরমের দাপট বাড়ছে। ফ্রান্সে ১৯৪৭ থেকে শুরু হয় দৈনন্দিন গরম মাপা। সেই হিসাব বলছে এই পরিমাপ শুরুর পর থেকে এই প্রথম ফ্রান্সে এমন গরম পড়ল। যেখানে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল পারদ।
লাগোয়া স্পেনেও গরমের দাপট ভয়ংকর। সেখানে আবার আন্দালুসিয়া এলাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে পারদ পৌঁছতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। ব্রিটেনও কম যায়না। সেখানেও ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে পারদ। গরমের জন্য অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউরোপের অন্য দেশগুলিও গরমে পুড়ছে। এই অবস্থায় বিষয়টিকে আর শুধু প্রবল গরম এবং তার জেরে সাধারণ মানুষের নাজেহাল দশার মধ্যেই সীমাবদ্ধ রাখতে রাজি নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। তাদের মতে, এই অস্বাভাবিক গরম গোটা ইউরোপের জন্য এক স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা