গাড়ি চালাল মাছ, পাড়ি দিল অনেকটা পথ
মাছ জলে সাঁতার কাটতে স্বচ্ছন্দ। তা বলে গাড়ি চালানো। সে কীভাবে সম্ভব। এটা মনে হতেই পারে। কিন্তু সেটাই ঘটেছে।
একটি ছোট মাছ চালিয়ে নিয়ে গেল গাড়ি। যা দেখে তাজ্জব বিশ্ববাসী। সে তার নিজের ইচ্ছামত গাড়ির দিকও ঘুরিয়ে দেয়। সে থমকে গেলে গাড়ি যাবে থমকে। অ্যাকোয়ারিয়ামে মাছ রাখতে যাঁরা পছন্দ করেন তাঁদের রঙিন মাছের তালিকায় অধিকাংশ ক্ষেত্রেই জায়গা পায় গোল্ড ফিশ।
সোনালি আভা বের হওয়া মাছটি তার রংয়ের জন্য এতটাই নজরকাড়া যে সবচেয়ে আগে সেই নজর কেড়ে নেয়। গাঢ় কমলা, গাঢ় হলুদ আর সোনালি রংয়ের এই মাছটি অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধন করে।
সেই গোল্ড ফিশ এবার গাড়ি চালাল। একটি ছোট কাচের বাক্সের মত জিনিসের তলায় চাকা লাগানো। ফলে সেটি গাড়ির চেহারা নিয়েছে। কাচের বাক্সটি জলে ভরা। তাতেই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একটি গোল্ড ফিশ।
নেদারল্যান্ডসের এক ইঞ্জিনিয়ার এই বিশেষ গাড়ি বানিয়েছেন তাঁর পোষা গোল্ড ফিশ ব্লাব-এর জন্য। এই গাড়িতে একটি সেন্সর লাগানো আছে। এবার জলে গোল্ড ফিশটি যেদিকে যায় গাড়িও সেদিকেই যায়।
১ মিনিট ধরে এভাবে চলতে থাকে। তাতে দেখা যায় ১ মিনিটে গোল্ড ফিশটি তার গাড়ি নিয়ে ৪০ ফুট পথ অতিক্রম করেছে। যা এখনও পর্যন্ত মাছের গাড়ি চালানোর ক্ষেত্রে বিশ্বরেকর্ড।
মাছ গাড়ি চালাচ্ছে এটা মজার হলেও এই সুবিধা কাজে লাগিয়ে আগামী দিনে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের জন্য কিছু করা যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।













