গ্যাস নিয়ে বড় স্বস্তির কথা জানাল কেন্দ্র, মন ভাল হল দেশবাসীর

সরকারের তরফে সবরকম আশ্বাস পাওয়া গেলেও গ্যাস নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে থেকে আশঙ্কার মেঘ কাটছে না। এর মধ্যেই এল ভাল খবর।

এলপিজি সিলিন্ডার, ছবি - আইএএনএস

রান্নার গ্যাস পাওয়া যাবে তো? এটাই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। ফলে সেই পথ দিয়ে কোনও জাহাজ যাতায়াত করতে পারছিল না।

অবশেষে ভারতের ২৪ দাঁড়িয়ে থাকা জাহাজের মধ্যে ২টি এলপিজি ভর্তি জাহাজকে হরমুজ প্রণালী পার করতে দিয়েছে ইরান। শিবালিক ও নন্দাদেবী নামে ২টি এলপিজি ভর্তি জাহাজ হরমুজ প্রণালী নিশ্চিন্তে পার করে ভারতের বন্দরের দিকে আসছে বলে জানিয়েছেন বন্দর মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা।

এই ২টি জাহাজ মিলিয়ে মোট ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি রয়েছে। ভারতের মুন্দ্রা ও কান্ডলা, এই ২ বন্দরে এই ২টি জাহাজ এসে দাঁড়াবে আগামী ১৬ ও ১৭ মার্চ।

হরমুজ দিয়ে গ্যাসের ট্যাঙ্কার নিয়ে আসতে দিচ্ছেনা ইরান, এটাই ভারতে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে চিন্তার ভাঁজ পুরু করেছিল। যদিও সরকার আশ্বাস দিচ্ছিল গ্যাস যথেষ্ট রয়েছে।

এবার ভারতীয় ২টি এলপিজি ভর্তি জাহাজ হরমুজ প্রণালী পার করে ভারতের দিকে আসছে জেনে খুশি ভারতবাসী। তাঁরা মনে করছেন এতে গ্যাস সংকটে সুরাহা হবে।

এদিকে ভারতের আরও ২২টি জাহাজ হরমুজ পার করার জন্য অপেক্ষায়। ভারতের আশা সেগুলিকেও নিশ্চিন্তেই হরমুজ পার করতে দেবে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, তেহরান ভারতের কয়েকটি জাহাজকে নির্বিঘ্নেই হরমুজ প্রণালী পার করতে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা