বিশ্বের সুন্দরতম হোটেলের তালিকায় প্রথম ১০-এ জায়গা পেল ভারতের এক হোটেল

জঙ্গলের মাঝে একটা ৩৫০ বছর পুরনো প্রাসাদ। যা ভারতের মুখ উজ্জ্বল করল বিশ্বের দরবারে। বিশ্বের সবচেয়ে সুন্দর ১০টি হোটেলের তালিকায় জায়গা করে নিল এই রাজপ্রাসাদ।

সবচেয়ে সুন্দর হোটেলের তালিকায় জায়গা করে নেওয়া রাজগড় প্যালেস, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @theoberoirajgarhpalace

৩৫০ বছর আগে মানিয়াগড় পাহাড়ের ওপর একটি জায়গাকে সুরক্ষিত বলে মনে করেন বুন্দেলা বংশের রাজা মহারাজ হিন্দুপত সিং। সে সময় মোগল দাপটের সামনে নিজেদের সুরক্ষিত রাখাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল।

মহারাজ হিন্দুপত সিং অনেক খুঁজে মানিয়াগড় পাহাড়ের ওপর একটি জঙ্গল ঘেরা জায়গাকে বেছে নেন। স্থির করেন সেখানেই তৈরি করবেন প্রাসাদ। যতদূর চোখ যায় চারধারে সবুজ জঙ্গল। যা প্রকৃতির তরফ থেকেই বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার একটা হাতিয়ারও। সেই সঙ্গে পাহাড়ি এলাকা।

অনেকটা উঁচুতে হওয়ায় এ প্রাসাদ থেকে বহু দূর পর্যন্ত নজরও রাখা যেত। তৈরি হয় রাজগড় প্রাসাদ। মধ্যপ্রদেশে অবস্থিত সেই ৩৫০ বছরের পুরনো দুর্গসম প্রাসাদ কালক্রমে এখন এক বিলাসবহুল হোটেল। যার নাম দ্যা ওবেরয় রাজগড় প্যালেস।

পান্না জাতীয় উদ্যান থেকে সামান্য দূরে অবস্থিত এই হোটেলই ২০২৬ সালে প্রিঁ ভার্সাই-এর বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের প্রথম ১০টি হোটেলের মধ্যে স্থান হয়েছে ভারতের এই প্রাসাদ হোটেলের।

পর্যটকেরা এখন কোনও বিলাসবহুল হোটেলে পৌঁছে শুধুই সেখানকার সুযোগ সুবিধা খতিয়ে দেখেননা, বরং তার স্থাপত্য, ইতিহাস, সংস্কৃতি এবং সেই জায়গার মাহাত্ম্য হোটেলটির মধ্যে দিয়ে কতটা ফুটে উঠছে সেটাও নজর করেন।

দ্যা ওবেরয় রাজগড় প্যালেস সেখানেই এগিয়ে থেকেছে। যা কেবল একটি বিলাসবহুল হোটেলই নয়, এক ৩৫০ বছর ধরে চলে আসা রাজকীয় ইতিহাস।