প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। সেটা মাথায় রেখেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় পৌঁছে বিমানবন্দর থেকে মেট্রোয় চড়েন। মেট্রোয় চড়ে তিনি পৌঁছন নোয়াপাড়া। তারপর সেখান থেকে অটো নিয়ে হাজির হন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।
রেলমন্ত্রী এদিন যাত্রীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন তাঁদের মেট্রো সফর নিয়ে মতামত। মেট্রো রেলের কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন রেলমন্ত্রী। রাজ্যে মেট্রো সম্প্রসারণের কাজে গতি আনা নিয়ে কথা হয় ২ জনের।
রেলমন্ত্রী জানান কলকাতা মেট্রোয় আগামী ৫ বছরের মধ্যে ৬০টি নতুন রেক যুক্ত করা হচ্ছে। এই রেকগুলি আধুনিক সুবিধা সম্পন্ন। রেকগুলি যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই তৈরি। ফলে আগামী দিনে কলকাতা মেট্রোয় সফর করা যাত্রীরা আরও সুন্দর যাত্রা পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।
মেট্রো রেলের যে কাজগুলি এখনও চলছে সেগুলি দ্রুত শেষ করা নিয়েও এদিন কথা হয় মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর মধ্যে। মেট্রোর আরও সম্প্রসারণের বিষয়েও আশ্বাস দেন রেলমন্ত্রী।
ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো নিয়েও কথা হয়েছে এদিন। ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণে আগ্রহী বর্তমান রাজ্যসরকার। বিটি রোডের তলা দিয়ে জলের পাইপলাইন থাকা নিয়ে বিগত সরকারের এই প্রকল্প নিয়ে কিছু আপত্তি ছিল। তবে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সার্ভে ও ড্রয়িং-এর কাজ আগেই সম্পূর্ণ হয়েছে।