ধরাশায়ী তৃণমূল, হারলেন মমতা, মমতার কেন্দ্রে তাঁকে হারালেন শুভেন্দু

২০২১ সালে শুভেন্দু অধিকারী তাঁর কেন্দ্র বলে পরিচিত নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার মমতার কেন্দ্র বলে পরিচিত ভবানীপুরেই বড় ব্যবধানে জিতলেন শুভেন্দু।

গণনা কেন্দ্রে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস

রাজ্যের ক্ষমতা হাতছাড়া। ১৫ বছরের শাসনের অবসান। ধরাশায়ী তৃণমূল। আসন জয়ের সংখ্যা ২ অঙ্ক পার করল না। এরমধ্যেই আরও বড় ধাক্কা খেল তারা। হেরে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ সালে তৃণমূল ঝড় থাকলেও শুভেন্দু অধিকারীর কেন্দ্র বলে পরিচিত নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর কাছে হারতে হয়েছিল তৃণমূলনেত্রীকে। পরে ফের ভবানীপুর থেকে জিতে বিধায়ক হয়ে তিনি তাঁর মুখ্যমন্ত্রী পদ রক্ষা করেন।

এবার মমতা ভবানীপুরে নিজের কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে ফের মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়ান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার ভোটের ফল বার হওয়ার পর দেখা যায় সেখানেও মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। শুভেন্দু ২টি আসনে দাঁড়িয়ে এবার ২টি আসনেই জিতলেন।

এদিন ভবানীপুরে প্রথমদিকে শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। তারপর মাঝে দীর্ঘ সময় মমতা এগিয়ে থাকেন। তবে যতই গণনা এগিয়েছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে থাকার ব্যবধান কমতে থেকেছে।

১৫ রাউন্ড গণনার পর তাঁকে টপকে যান শুভেন্দু। এরপর গণনা শেষ হওয়া পর্যন্ত তিনি এগিয়েই থেকেছেন। ব্যবধানও বাড়তে থেকেছে। ১৫ হাজারেরও বেশি ভোটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শেষ হাসি হাসেন শুভেন্দু।

এদিন বেশ কিছুটা সময় গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন মমতা। তিনি পরে অভিযোগ করেন তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। ভোট লুঠ হয়েছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এদিকে পরপর ২ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কার্যত রেকর্ড গড়লেন শুভেন্দু অধিকারী।