নিম্নচাপের প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতা, বৃষ্টি আরও কতদিন, পূর্বাভাস পাওয়া গেল

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কলকাতার দিকে সরে আসার ফলে যে পরিস্থিতি সোমবার হল তা কলকাতাকে বানভাসি চেহারা দিয়েছে। কবে পর্যন্ত বৃষ্টি চলবে তার পূর্বাভাস পাওয়া গেল।

প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতা, ছবি - আইএএনএস

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছিল। সেটাই নিম্নচাপের চেহারা নিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসে। একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ু। এই জোড়া ফলায় এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রবল বৃষ্টির সম্মুখীন হল।

বৃষ্টি রবিবার দুপুরের পর থেকেই চালু হয়। তবে তা ছিল বিক্ষিপ্ত। ক্রমে যত বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, ততই বৃষ্টির প্রকোপ বেড়েছে। মাঝেমাঝেই ঝমঝম করে বৃষ্টিতে রবিবার সন্ধে রাতেই ভাল রকম ভিজেছিল দক্ষিণবঙ্গ। রাতভরও সেই বৃষ্টি অব্যাহত হয়।

সোমবার ভোরের দিকে কলকাতার কাছেই চলে আসে নিম্নচাপটি। ফলে সকাল থেকে বৃষ্টির দাপট আরও অনেক বেড়ে যায়। প্রবল বৃষ্টি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ভোগান্তির মুখে ফেলে কাজে বার হওয়া মানুষজনকে।

কলকাতার অনেক জায়গায় জল জমে যায়। জল জমেছে শহরতলীতেও। বিকেল থেকে বৃষ্টি কিছুটা হলেও কমেছে। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

মঙ্গলবার থেকে ক্রমে বৃষ্টি কমতে শুরু করবে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল হয়ে নিম্নচাপটি ঝাড়খণ্ডে চলে যাবে। তাতে নিম্নচাপের বৃষ্টি কমলেও রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি গোটা সপ্তাহ জুড়েই হবে।

ফলে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলি সোমবার লাল থেকে কমলা সতর্কতা পেলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ছিল হলুদ সতর্কতা। তবে সেখানেও ভালই বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।