ফের মহাকাশে নতুন উচ্চতা ছুঁয়ে ফেলল ভারত, এই প্রথম এমন সাফল্য এল ঝুলিতে
মহাকাশ বিজ্ঞানে ভারত যে বিশ্বের অন্যতম রাষ্ট্র তা আগেও একাধিকবার প্রমাণ করেছে তারা। ফের এক অভিনব পদক্ষেপে সেই সাফল্যরে মুকুটে জুড়ল নতুন পালক।
ভারত এবার মহাকাশে এক নতুন সাফল্য ছুঁয়ে ফেলল। এই প্রথম ভারত মহাকাশে একটি ইমেজিং স্যাটেলাইট বা সহজ করে বললে ছবি তুলতে সক্ষম কৃত্রিম উপগ্রহ পাঠাল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আকাশে উড়ে গেল জিএসএলভি-এফ১৭ রকেট।
এই রকেটের পেটেই ছিল ইওএস-০৫ নামে একটি কৃত্রিম উপগ্রহ। যা আদপে একটি ইমেজিং স্যাটেলাইট। ত্রিস্তরীয় রকেট মহাকাশের দিকে উড়ে যায়। ধাপে ধাপে একটি করে স্তর অতিক্রম করতে থাকে। তাও সাফল্যের সঙ্গে।
আর শেষে আগে থেকে ঠিক করে রাখা সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট-এ ইওএস-০৫-কে প্রতিস্থাপিতও করে। এই কক্ষেই কাজ করবে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইটটি। এই সাফল্যের সঙ্গে সঙ্গে ভারত বিশ্বে ফের একবার প্রমাণ করল তারা মহাকাশ বিজ্ঞানে কারও চেয়ে কম যায়না।
ইওএস-০৫ একটি অতি আধুনিক কৃত্রিম উপগ্রহ। যা পৃথিবীকে পর্যবেক্ষণের ক্ষেত্রে এক নতুন উচ্চতা ছুঁতে সক্ষম। কারণ এই কৃত্রিম উপগ্রহ যে ছবি তুলবে তা অত্যন্ত শক্তিধর ক্যামেরা দিয়ে তোলা হবে। যা বিজ্ঞানীদের পৃথিবীকে আরও ভাল করে চিনতে সাহায্য করবে।
ইসরোর এই সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানী ইঞ্জিনিয়ারদের জন্য একের পর এক মন্ত্রীর থেকে অভিনন্দন আসে। অভিনন্দন জানান একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীও।
অবশ্যই আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে এ এক অসামান্য পদক্ষেপ। মহাকাশ বিজ্ঞানের জগতে এ যে সাফল্যের এক বড় লাফ তা মেনে নিচ্ছেন সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













