এ শহরে সন্ধে নামলে লাল আলোয় ভরে উঠছে রাস্তা, আলো লাল করার কারণ রয়েছে
রাস্তা আলোকিত করতে সাধারণত সাদা আলো ব্যবহার করা হয়। কিন্তু এ শহরের স্ট্রিট লাইট লাল করে দেওয়া হয়েছে। অনেক শহরের সমস্যাই এই অভিনব উপায়ে মিটতে পারে।
সন্ধে নামলে শহরের রাস্তাঘাট সাদা আলোয় ভরে ওঠে। যাকে স্ট্রিট লাইট বলা হয়। রাস্তার এই আলো পৃথিবীর সর্বত্রই সাদা হয়। লাল নয়। কিন্তু একটি শহরের অনেক রাস্তাতেই সাদা আলো বদলে লাল আলো লাগিয়ে দিল শহর প্রশাসন। ফলে সেসব রাস্তায় লাল আলো ভরে থাকছে।
তার মধ্যে দিয়েই যাতায়াত করছে গাড়ি, সাইকেল সহ অন্য নানা যান। কিন্তু সাদা আলোর জায়গায় রাস্তায় লাল আলো কেন? এমন আশ্চর্য পদক্ষেপের কারণ কি? কারণ রয়েছে।
এ সমস্যাটা কেবল একটি শহরের নয়। বিশ্বের অনেক শহরের। বন্যপ্রাণকে তাদের রাতের পরিবেশ দিতেই এই ব্যবস্থা। রাস্তা লাল আলোয় ভরে ফেলা হয়েছে ডেনমার্কের একটি শহরে।
গ্ল্যাডস্যাক্স পৌরসভা তার এলাকার রাস্তার একটা অংশ লাল আলোয় ভরে দিয়েছে। যাতে আলোর রং বন্য জীবনের শান্তি নষ্ট না করে, যাতে তারা স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারে সেজন্য চেনা সাদা আলো রাস্তায় দেওয়া বন্ধ করা হয়েছে।
এই শহরে প্রচুর বাদুড়ের বাস। সন্ধে নামলে যাতে সেই বাদুড়রা নিজেদের প্রাকৃতিক জীবন যাপন করতে পারে সেজন্যই এই ব্যবস্থা। বন্যপ্রাণিরা ছোট তরঙ্গদৈর্ঘ্যের রংয়ে বিরক্ত হয়। স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। সাদা তেমনই একটি রং।
কিন্তু লাল রংয়ের তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি হয়। তাই লাল রং তাদের স্বাভাবিক জীবন যাপনে সমস্যা করেনা। তাদের নিশ্চিন্ত বাস দিতেই শহরের একটা অংশের রাস্তার আলো লাল করে দিল ডেনমার্কের এই শহর।
তবে এই সমস্যা কেবল ডেনমার্কের ওই শহরের নয়। বিশ্বের বহু শহরেই সন্ধে নামলে রাস্তার চড়া সাদা আলোয় অন্য পশুপাখিরা বিরক্ত হয়। সেখানেও লাল আলো তাদের অনেকটা শান্তি দিতে পারে। ফলে ডেনমার্কের রাস্তায় আগামী দিনে অনেক শহরই হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।













