১৬ বছরে বিশ্বের কোথাও এত ঠান্ডা পড়েনি, মাইনাস ৮৪ ডিগ্রি লিখল নতুন ইতিহাস

বিশ্বে কোথায় কত গরম পড়ছে তার যেমন রেকর্ড রাখা হয়, তেমনই ঠান্ডারও। এবার সেই ঠান্ডা এক জায়গায় রেকর্ড হল মাইনাস ৮৪.১ ডিগ্রি।

অ্যান্টার্কটিকায় কনকর্ডিয়া তথ্যকেন্দ্র, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @World Meteorological Organization

উত্তর গোলার্ধ এখন গরমে পুড়ছে। কোথাও অসহ্য গরম। কোথাও খরা পরিস্থিতি। সুদানে জল পাওয়াই চ্যালেঞ্জ। নেই বিদ্যুতও। এল নিনোর প্রভাবে আবার বৃষ্টিও কমেছে অনেক জায়গায়। ফলে উত্তর গোলার্ধের অনেক জায়গা এখন সূর্যের প্রখর দাবদাহে জেরবার।

উত্তর গোলার্ধ যখন গরমে পুড়ছে তখন দক্ষিণ গোলার্ধে এখন ঠান্ডার সময়। আবার দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ফিরবে উত্তর গোলার্ধে শীতের সময়।

ঠান্ডা যখন পড়ে তখন ২ প্রান্তেই জাঁকিয়ে পড়ে। এখন দক্ষিণ গোলার্ধের কুমেরুতেও শীতের সময়। প্রবল ঠান্ডা। কিন্তু সেখানেও এত ঠান্ডা রেকর্ড হয়নি গত ১৬ বছরে।

কুমেরুতে রয়েছে ফ্রান্স ও ইতালির গবেষণাকেন্দ্র কনকর্ডিয়া স্টেশন। সেখানে ঠান্ডা ধারনার বাইরে চলে গেছে। কনকর্ডিয়া তথ্যকেন্দ্র গত ১৮ জুলাই সেখানকার পারদ রেকর্ড করে জানিয়েছে ওইদিন কুমেরুর ওই গবেষণাকেন্দ্রের আশপাশের পারদ ছিল মাইনাস ৮৪.১ ডিগ্রি সেলসিয়াস।

এটাই ছিল পৃথিবীর শীতলতম স্থান যেখানকার পারদ রেকর্ড করা হয়। ২০১০ সালে শেষবার এই কনকর্ডিয়ায় ঠান্ডা রেকর্ড হয়েছিল মাইনাস ৮৪.৭ ডিগ্রি। এবারের চেয়ে দশমিক ৬ ডিগ্রি মাত্র বেশি ছিল। যা খাতায় কলমে এবারের চেয়েও বেশি ঠান্ডা।

তারপর ১৬ বছরে কুমেরুর এই গবেষণাকেন্দ্র এমন ঠান্ডা দেখেনি। লাইভ সায়েন্স-এ এই আশ্চর্য ঠান্ডার কথা প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত কনকর্ডিয়া হল কুমেরুর সবচেয়ে প্রত্যন্ত স্থানে তৈরি হওয়া একটি গবেষণাকেন্দ্র।