বিশ্বজুড়ে যেসব জায়গায় প্রবল ঠান্ডা সেখানে অনেক জলভাগই বরফ হয়ে যায়। অন্তত জলের উপরিভাগ বরফের চাদরে ঢেকে যায়। সেই চাদর ঠান্ডার মাত্রা ভেদে কমবেশি পুরু হয়।
কিন্তু যেখানে সবই বরফ, যেদিকে চাওয়া যায় সেদিকেই বরফ, সেই কুমেরুতে এমন একটি পুকুর রয়েছে যার জল কখনও জমে যায় না। কুমেরু বা অ্যান্টার্কটিকা এমন জায়গায় যেখানে জল নয়, চারিদিকে শুধু বরফই দেখতে পাওয়া যায়।
অসম্ভব ঠান্ডা। কুমেরুর ধারেকাছে থাকা সমুদ্রের জলের উপরিস্তরও পুরু বরফে ঢেকে থাকে। এমন এক হিমশীতল স্থানে একটা পুকুরের জল কিছুতেই বরফ না হয়ে যাওয়া নিজেই এক আশ্চর্য।
কুমেরুর ভিক্টোরিয়া ল্যান্ডের রাইট উপত্যকায় রয়েছে একটি পুকুর। নাম দঁ জুয়ান পন্ড। যার জল মাইনাস ৫০ ডিগ্রিতেও বরফ হয়না। কিন্তু কেন হয়না?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পুকুরের জল এত বেশি নোনতা যে তা সহজে জমতে চায়না। এই পুকুরটি যেখানে রয়েছে তার চারধারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড সল্ট রয়েছে। যা এই জলকে জমাট বাঁধতে বাধা দেয়।
কুমেরুতে যত এমন দিঘি বা পুকুর রয়েছে, তারমধ্যে এই পুকুরের জলই সবচেয়ে নোনতা। এই পুকুরটিতে জলও যে খুব বেশি আছে তেমনটা নয়। গভীরতা প্রায় নেই।
অল্প জায়গা জুড়ে রয়েছে জল। তবে যা রয়েছে আশপাশের সবকিছু বরফ হয়ে গেলেও সেই জল বরফ হয়না। এটাই আশ্চর্য করে গবেষকদের।