বিশেষ সম্মান পেল বাংলার মাটির গন্ধে মেশা এই জনপ্রিয় তারবাদ্য

এ কেবল একটি বাদ্য নয়। এর সঙ্গে মিশে আছে বাংলার মাটির গন্ধ। বাউলের সুর। বিশেষ সম্মান পেল বাংলার এই একান্ত তারবাদ্য।

একতারা হাতে বাউল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস

সুর তোলে বাদ্য। সঙ্গীতকে মোহময় করে তোলে বাদ্যের সুরেলা শব্দ। বাদ্যের মধ্যে রয়েছে নানাধরনের তারবাদ্য। যার তারে ওই আঙুলের ছোঁয়া নিমেষে পরিবেশ বদলে দিতে পারে।

বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এমনই এক বাদ্য হল একতারা। যার বিশেষত্ব হল একটি মাত্র তার। যা আঙুলের ছোঁয়ায় সুর তোলে। বাংলার বাউল সমাজ পথেঘাটে এই বাদ্য হাতে আপন মনে গান গেছে বেড়ায়।

বাউলের গানের কলিতে থাকে জীবনের কথা, আর তার সুর বেঁধে দেয় তাঁর হাতে থাকা একতারা। কণ্ঠের যাদু আর একতারার সুর মিলে যে গান তৈরি হয় তা বাংলার সীমানা পার করে এখন বিশ্বমঞ্চে সমাদৃত। অনেক বাউল আজ বিশ্বের নানা প্রান্তে একতারা হাতে তাঁদের সুরের যাদুতে মোহিত করছেন মানুষজনকে।

বাংলার বাউল সুরে মাটির গন্ধে মিশে থাকা একতারা এবার পেল এক বিশেষ সম্মান। পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।

শান্তিনিকেতন সহ নানা জায়গায় একতারা পাওয়া যায়। এখানকার অনেক শিল্পী এই একতারা তৈরি করেন। যা তৈরি করতে সাধারণ কিছু জিনিস লাগে। কিন্তু এর সুর ভুবনভোলা। একটি তার থাকে বলে এর নাম একতারা।

সময়ের সঙ্গে নানাধরনের তারবাদ্য বিশ্বজুড়ে এসেছে। কিন্তু একতারা তার জায়গায় আজও অম্লান। সেই বাংলার নিজস্ব একতারা এবার পেল অনন্য সম্মান। পেল জিআই ট্যাগ।