একটি নিম্নচাপ তৈরি হয়ে তা দ্রুত শক্তি বাড়ানোর অপেক্ষায়। এক্ষেত্রে তাকে ইন্ধন জোগাবে একটি ঘূর্ণাবর্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রভাব ফেলতে চলেছে।
এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রকোপ। ফলে শ্রাবণ মাসের প্রায় শেষে পৌঁছে বৃষ্টি কিন্তু তার দাপট বজায় রাখবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবারের আগেই উপকূলীয় জেলাগুলি বেশি বৃষ্টি পেতে পারে। সমুদ্র উত্তাল হবে। মঙ্গলবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি রাজ্য জুড়েই হবে।
কলকাতা ও আশপাশের এলাকায় শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার থেকে এখানে বৃষ্টি কমবে। যা আবার বাড়বে আগামী মঙ্গলবার থেকে। মঙ্গলে খুব বেশি বৃষ্টি হওয়ার কথা উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
এ বছর এল নিনো ক্রমশ তার প্রভাব বিস্তার করছে। যা ভারতের বর্ষায় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। আবহবিদেরা জানিয়েছিলেন, অগাস্ট ও সেপ্টেম্বর মাস অর্থাৎ ভারতে বর্ষার দ্বিতীয় ও শেষ ভাগে বৃষ্টি তেমন একটা হবেনা।
এল নিনো-র প্রভাবে কমে যাবে বৃষ্টির প্রকোপ। ফলে এবার কম বর্ষা পাবে ভারত। কিন্তু এখনও যা পরিস্থিতি তাতে খুব একটা বর্ষা কম হবে বলে মনে করা হচ্ছেনা।
দেশজুড়ে ভালই বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ ভাল। অসম, কেরালা, গুজরাট বন্যা দুর্গত। ফলে বৃষ্টি কিন্তু হচ্ছে। রাজ্যের দক্ষিণভাগে নতুন বৃষ্টির ইনিংস শুরু করবে নিম্নচাপ।