এ বছর বর্ষা কেমন হবে। এটা সাধারণ মানুষের সঙ্গে জানার জন্য মুখিয়ে থাকেন কৃষকরা। আবার সেটা জানার চেষ্টা করেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজনও। বর্ষার গতিপ্রকৃতির ওপর নির্ভর করে অনেককিছু।
অন্যান্য বছরের মত এবারও গরমের মাঝেই বর্ষা কেমন হতে চলেছে তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তাতে আবহবিদেরা স্পষ্ট করেছিলেন এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেতে চলেছে ভারত।
এর আগে গত এপ্রিলে আবহাওয়া দফতর পূর্বাভাস দেয় যে ভারতে বর্ষা এবার ৯২ শতাংশের আশপাশে হবে। কিন্তু সেই পূর্বাভাস বদলে নতুন পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়ে দিল এবার বর্ষা ৯০ শতাংশের আশপাশে হতে চলেছে। ফলে আরও কমল বর্ষায় বৃষ্টির সম্ভাবনা।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর, এই ৪ মাসকে বর্ষা ধরা হয়। আবহবিদেরা জানান, এর প্রথম ভাগ অর্থাৎ জুন ও জুলাই মাসে বর্ষা পরিমাণ মত হতে পারে। কিন্তু তারপরই এল নিনো প্রবেশ করছে।
ফলে বর্ষার দ্বিতীয় ভাগে অগাস্ট ও সেপ্টেম্বর মাসে বর্ষার পরিমাণ অনেকটা কমে যাবে। সব মিলিয়ে দেশ ৯০ শতাংশ বৃষ্টি পেতে চলেছে। যা উল্লেখজনক ভাবে অনেকটাই কম।
এদিকে জুন মাসে ভারতে বর্ষা প্রবেশ করে ঠিকই, তবে এবার তার সঙ্গে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহ বজায় থাকতে পারে বলেই পূর্বাভাস। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পঞ্জাব, ওড়িশা, ছত্তিসগড়, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ।