মহাকাশে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা, যা ঘটবে পৃথিবী এবং সূর্যের মধ্যে

মহাকাশে তো বিভিন্ন মহাজাগতিক ঘটনা ঘটেই চলেছে। তার সামান্যই মানুষের নজরে পড়ে। সামনেই ঘটতে চলেছে এমন এক মহাজাগতিক ঘটনা যা ঘটবে পৃথিবী ও সূর্যের মধ্যে।

শিল্পীর কল্পনায় পৃথিবী, চাঁদ ও সূর্য, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Kevin Gill

মহাকাশ নিয়ে যাঁরা নিয়মিত চর্চা করেন, যাঁরা সন্ধে নামলে আকাশ বিশ্লেষণ করেন, তাঁদের কাছে বিষয়টি অজানা নয়। তবে এই ঘটনা যে সূর্য ও পৃথিবীর মধ্যে আগামী ৬ জুলাই ঘটতে চলেছে তা সাধারণ মানুষের অনেকের নাও জানা থাকতে পারে। তবে তা ঘটবে।

আর যা ঘটবে তাকে ভূগোলের ভাষায় বলে অপসুর। ৬ জুলাই হতে চলেছে বছরের সেই দিন যেদিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হবে। বছরে আর অন্য কোনও দিন সূর্য ও পৃথিবীর মধ্যে এতটা দূরত্ব থাকেনা।

৬ জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত দাঁড়াবে? হিসাব বলছে সূর্য ও পৃথিবী একে অপরের থেকে ১৫ কোটি ২১ লক্ষ কিলোমিটার দূরে থাকবে ওইদিন। ওটাই তাদের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব। সাধারণভাবে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ধরা হয় ১৫ কোটি কিলোমিটার।

এখন প্রশ্ন হল এই কারণে কি ওইদিন পৃথিবী খুব ঠান্ডা হয়ে যাবে? কারণ সূর্য তো সবচেয়ে দূরে থাকছে! বাস্তবে তা কিন্তু হয়না। বরং উত্তর গোলার্ধে এই সময় দিনও দীর্ঘ হয় এবং গরমও প্রবল হয়।

কারণ হেলে থাকা পৃথিবীর উত্তর গোলার্ধ এই সময় সূর্যের দিকে হেলে থাকে। ফলে সেখানে সূর্যের আলো সরাসরি পড়ে। যার জেরে গরম বেশিই থাকে। এখানে দূরত্ব অন্তরায় হয়না।

প্রসঙ্গত পৃথিবী যেমন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে জুলাইয়ের ৬ তারিখে তেমনই সূর্যের সবচেয়ে কাছে থাকে জানুয়ারি মাসের শুরুতে। দিনটিকে বলা হয় অনুসুর।