গঙ্গার ওপর তৈরি হল হেঁটে পারাপার করার কাচের কেবল সাসপেনশন ব্রিজ, ভারতে এই প্রথম

তলা দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ। তাও আবার কাচের ওপর দিয়ে। ফলে নিচে গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে। বিরল অভিজ্ঞতার অপেক্ষায় সকলে।

হৃষীকেশে বজরঙ্গ সেতু, ছবি – সৌজন্যে – ইউটিউব – @VINAYYATRAVLOG1

গঙ্গার স্রোত এখানে অনেক বেশি। চারধার সবুজ অরণ্য আর পাহাড়ে ঘেরা। এক শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ যেখানে গেলেই মন এক অসীম শান্তিতে ভরে ওঠে। দেশের যোগ রাজধানীর ওপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ওপর তৈরি হল এক অভিনব ব্রিজ।

এমন ব্রিজ বিদেশে রয়েছে ঠিকই। তবে কেবল সাসপেনশন ব্রিজ বা তার দিয়ে ঝুলন্ত সেতুতে কাচের পথ ভারতে এই প্রথম তৈরি হল। যেখানে কাচের ওপর দিয়ে হেঁটে গঙ্গা পারাপার করা যাবে। এক মনে রাখার মত অভিজ্ঞতা।

কাচের ওপর দিয়ে হেঁটে গঙ্গা পার করার এই সেতু তৈরি হল হৃষীকেশের ওপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গার ওপর। পুরনো লক্ষ্মণ ঝুলার কাছেই তৈরি হয়েছে নতুন বজরঙ্গ সেতু। এই বজরঙ্গ সেতুর মাঝখান দিয়ে গেছে কংক্রিটের পথ। যেখান দিয়ে হেঁটে যাওয়ার পাশাপাশি মোটরবাইক যাতায়াত করতে পারবে।

মাঝে কংক্রিটের এই সেতুর ধারে থাকছে কাচের পথ। কংক্রিটের সেতু ধরে যাতায়াতের জন্য কাউকে কোনও অর্থ প্রদান করতে হবেনা। তবে এই কাচের ওপর দিয়ে হেঁটে গঙ্গা পারাপার করতে অর্থ প্রদান করতে হবে।

বড়দের ১০০ টাকা এবং ছোটদের ৫০ টাকা ফি দিয়ে এই কাচের ওপর হেঁটে গঙ্গা পার করার স্বপ্ন পূরণ করতে হবে। তবে ফি নিয়ে যাবতীয় ব্যবস্থা এখনও না হওয়ায় তা চালু হয়নি এখনও। এই সেতু সারা রাত খোলা থাকবেনা। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কাচের ব্রিজ ধরে হাঁটাচলা করা যাবে।