শহর কি বানভাসি হবে, ৪৮ ঘণ্টা আগেই আসবে বার্তা

প্রবল বৃষ্টি বা নদীর জল বেড়ে গেলে দেশের অনেক শহর জলের তলায় চলে যায়। এমনটা হতে পারে কিনা তার বার্তা আসবে ৪৮ ঘণ্টা আগে।

ফাইল : কলকাতার রাস্তায় জমা জল, ছবি - আইএএনএস

গ্রাম নয়, এ উদ্যোগ শহরকেন্দ্রিক। বন্যায় গ্রাম যেমন জলের তলায় চলে যায় অনেক শহরও তার আঁচ থেকে রেহাই পায়না। প্রবল বৃষ্টি হলে অনেকসময় অনেক শহর জলের তলায় চলে যায়। সাময়িক হলেও সেই বানভাসি চেহারা শহরের চেনা ছন্দ নষ্ট করে।

তবে এবার থেকে এমনটা হতে পারে কিনা তা জানার জন্য বিশেষ উদ্যোগ নিল দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ। তারা এমন এক কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সাহায্য নিয়ে বন্যার খবর নেবে যা অত্যন্ত আধুনিক। যা ৪৮ ঘণ্টা আগেই জানিয়ে দেবে শহর ভাসবে কিনা।

এই উদ্যোগ অন্ধ্রপ্রদেশে শুরু হচ্ছে বিজয়ওয়াড়া শহর দিয়ে। বিজয়ওয়াড়া শহর কৃষ্ণা নদীর ধারে গড়ে উঠেছে ঠিকই, কিন্তু বিজয়ওয়াড়ার দুঃখ বলে পরিচিত বুদামেরু নামে একটি ছোট নদী।

কৃষ্ণা নয়, বিজয়ওয়াড়া জলের তলায় গেলে তা হয় এই বুদামেরু নামে ছোট নদীটির কারণে। তাই বুদামেরুকে অনেকে বিজয়ওয়াড়ার দুঃখ বলে থাকেন।

শহর জলের তলায় যাবে কিনা, শহরের নিচু এলাকা কতটা জলের তলায় যাবে, কতটা বৃষ্টি থেকে সেটা হবে, এসব ৪৮ ঘণ্টা আগেই জানতে পারলে প্রশাসনের পক্ষে আগাম সতর্কতা নেওয়া, মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুবিধা হয়।

সেই সুবিধাই এবার দেবে এই এআই ভিত্তিক প্রযুক্তি। যদিও হড়পা বান আসবে কিনা তা এই প্রযুক্তি ৪৮ ঘণ্টা আগে নয়, সর্বোচ্চ ৬ ঘণ্টা আগে জানান দিতে পারবে।

সিটি ফ্লাড অ্যালার্ট বা শহরে বন্যা সতর্কতা জারির এই প্রযুক্তি শহরের জমির ম্যাপিং করা, কৃত্রিম উপগ্রহের সাহায্য নেওয়া, শহরের আবহাওয়া দফতরের সাহায্য নেওয়ার মত যৌথ প্রচেষ্টার মধ্যে দিয়ে কার্যকরি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা