মধুচন্দ্রিমায় সঙ্গে গেলেন শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওররা, রেগে ডিভোর্স চাইলেন নববধূ

বিয়ের পর স্বামী স্ত্রী মধুচন্দ্রিমায় গেলেন ঠিকই, তবে সঙ্গে গেলেন স্বামীর বাবা, মা, ভাই, বোনেরাও। যা মেনে নিতে পারছেন না এক নববধূ। ডিভোর্স চাইছেন তিনি।

ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি

বিয়েতে কোনও সমস্যা হয়নি। দেখাশোনা করে বিয়ে। বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়াও স্থির হয়। নবদম্পতির বিয়ের পর একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার এই রীতি দীর্ঘদিনের।

মেরঠের তরুণী ও দিল্লির যুবকের এই নব দাম্পত্যেও আসে সেই স্বপ্নের মুহুর্ত। তাঁরা বিয়ের পর মধুচন্দ্রিমায় যান। তবে একান্তে কেবল ২ জনে নয়।

ওই নবদম্পতির সঙ্গে হানিমুন বা মধুচন্দ্রিমায় যান বরের বাবা, মা, ভাই, বোন সকলে। এটা একেবারেই মেনে নিতে পারেননি নববধূ। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওরদের নিয়ে মধুচন্দ্রিমা তাঁকে এতটাই রাগান্বিত করেছে যে তিনি ডিভোর্স চাইছেন।

এই সবে বিয়ে হয়েছে। তারপরই ডিভোর্স! বিষয়টি গড়িয়েছে পরিবার আদালতে। সেখানে ২ পক্ষকেই বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বর ও বধূ ২ জনই নিজের জায়গায় অনড়।

ওই নববধূর দাবি, মধুচন্দ্রিমা মানে স্বামী স্ত্রীর একসঙ্গে নিভৃতে সময় কাটানো। যেখানে তাঁরা একে অপরকে আরও ভাল করে জানতে পারেন। তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়। সেখানে কেউ বাড়ির সকলকে নিয়ে যায়না। তাঁর দাবি, মধুচন্দ্রিমায় গিয়েও স্বামীর সঙ্গে তিনি একান্তে কাটানোর সুযোগই পাননি।

অন্যদিকে স্বামীর দাবি, তিনি পরিবারের সকলকে খুশি দেখতে পছন্দ করেন। তাই সকলকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এরমধ্যে তিনি কোনও খারাপ দেখছেন না।

স্বামী স্ত্রী ২ জনের এমন অনড় অবস্থানের ফলে ডিভোর্সের দিকেই এগোচ্ছে পরিস্থিতি। যদিও তাঁদের ২ জনকেই বোঝানোর চেষ্টা চলছে। বিবাহবিচ্ছেদ রোখার এই চেষ্টা কতটা কাজে দেবে তা অবশ্য সময়ই বলে দেবে।