মঙ্গলগ্রহের চেহারা বদলে দিয়েছিল এক ভয়ংকর বন্যা, কবে জানালেন বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহে যে ক্রেটার বা চ্যানেল এখন দেখতে পাওয়া যায় তা একসময় অন্যরকম ছিল। সব বদলে দেয় একটি ভয়ংকর বন্যা। জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মঙ্গলের মাটিতে বন্যার ছাপ, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @europeanspaceagency

মঙ্গলগ্রহ সম্বন্ধে এক অতি আশ্চর্য তথ্য বিশ্বের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ করেছেন তাঁরা। একটি ছবি প্রকাশ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলগ্রহের চারধার এখন যেমন, তা চিরদিন ছিলনা। অনেক বদল হয়।

৩৫০ কোটি বছর আগে মঙ্গলে এক ভয়ংকর বন্যা হয়। এমন বন্যা যা মঙ্গলের মাটির চেহারা বদলে দিয়েছিল। তাও মাত্র কয়েক দিন বা সপ্তাহ খানেকের মধ্যে। বন্যাটি হয়েছিল মাটির তলার জল আচমকা ফেটে বেরিয়ে আসার ফলে।

সে জল পরিমাণে এতটাই ছিল যে লাল গ্রহের অনেক জায়গায় তার তাণ্ডব ছড়িয়ে পড়ে। বন্যা ৫০০ মিটার গভীর এবং ১০ কিলোমিটার জায়গা জুড়ে একটি উপত্যকার জন্ম দেয়। শালবাতানা ভালিস নামে এলাকায় মঙ্গলের মাটিতে যা এখনও রয়েছে।

এখানে সে সময় তৈরি হয়েছিল একটি ১৩০০ কিলোমিটার লম্বা চ্যানেল। সেখান দিয়ে যে একসময় জল প্রবাহিত হত তা বিজ্ঞানীদের কাছে পরিস্কার। এটি তৈরি হয়েছিল মঙ্গলের বিষুবরেখার কাছে।

এই বন্যা এত পলি বয়ে এনেছিল যে তা অনেক বিশালাকায় দিঘি ভর্তি করে দেয়। মঙ্গলের প্রাচীন ইতিহাস বলছে লাল গ্রহের মাটিকে একটা নতুন চেহারা দিতে জলের এক বড় ভূমিকা ছিল।

লাল গ্রহে সবচেয়ে যে নিচু অংশ রয়েছে সেখানে অনেকগুলি জল প্রবাহিত হয়ে এসে মিলিত হয়েছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। তাঁরা এটাও মনে করেন যে এখানে এত জল ছিল যে হয়তো সে সময় একটি মহাসমুদ্র অবস্থান করত সেখানে।