সিনেমার সেটে বিখ্যাত নায়িকাকে সপাটে চড় কষিয়েছিলেন অমরীশ পুরী

অমরীশ পুরী নামটা ভারতীয় সিনেমায় এক কিংবদন্তি হয়ে থেকে যাবে। সেই অমরীশ পুরী একটি সিনেমার সেটে ভারতীয় সিনেমার বিখ্যাত নায়িকাকে সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে অমরীশ পুরী ও স্মিতা পাতিল, প্রতীকী ছবি

সাধারণ মানুষ পর্দায় সিনেমাটা দেখেন। কিন্তু সিনেমার সেটে এমন অনেক কিছু ঘটে যায় যা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। এমনই একটি ঘটনার কথা একসময় নিজেই একটি অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন ভারতীয় সিনেমার তথাকথিত খলনায়ক অমরীশ পুরী।

সিনেমাটা ছিল ‘ভূমিকা’। শ্যাম বেনেগাল পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেছিলেন অমরীশ পুরী, নাসিরুদ্দিন শাহ, অমল পালেকর, স্মিতা পাতিল প্রমুখ।

সিনেমার একটি দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। যেখানে স্মিতা পাতিল বাইরে যাওয়ার চেষ্টা করবেন। অমরীশ পুরী তাঁকে আটকাবেন। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবেন স্মিতা। তখন অমরীশ পুরী তাঁকে চড় মারবেন।

এই শটের আগে অমর‌ীশ পুরী পরিচালক শ্যাম বেনেগালকে আলাদা করে জানান যদি তিনি সত্যিই চড়টা মারেন তাহলে শ্যাম বেনেগালের আপত্তি আছে কিনা। শ্যাম বেনেগাল না করেননি।

শ্যুটিংয়ের সময় অমরীশ পুরী সত্যি করেই সপাটে চড় কষিয়ে দেন স্মিতাকে। আচমকা এমন সত্যিই চড় খেয়ে যে অভিব্যক্তি স্মিতার মুখে ফুটে উঠেছিল, সেটা ছিল অত্যন্ত বাস্তবিক। সেটাই চাইছিলেন পরিচালক শ্যাম বেনেগাল।

সিনেমার পর্দায় চড় কষানোর দৃশ্য থাকে। তা সুকৌশলে নেওয়া হয়। চড় মারা হয়না। কিন্তু দেখে মনে হবে চড় মারা হল। ভূমিকা-র শ্যুটিংয়ে কিন্তু অমরীশ পুরী সত্যিই চড় মেরে দেন স্মিতা পাতিলকে।

সিনেমাটি ২টি জাতীয় পুরস্কার অর্জন করেছিল। পৌঁছে গিয়েছিল তিউনিসিয়া ও শিকাগো-র চলচ্চিত্র উৎসবে। প্রদর্শিত হয়েছিল আলজেরিয়াতেও। প্রসঙ্গত অমরীশ পুরী ও স্মিতা পাতিল মোট ১৬টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা