রাত জেগে শোলে দেখেন ২ হাজার ইতালীয়, কি হয়েছিল সেদিন, বললেন অমিতাভ বচ্চন

ভারতীয় সিনেমার ইতিহাসে একটা আলাদা অধ্যায়ের নাম শোলে। এই সিনেমা দেখতে খোলা আকাশের নিচে ২ হাজার ইতালীয় রাত জেগেছিলেন। কি হয়েছিল জানালেন শোলে-র জয়।

অমিতাভ বচ্চন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan

শোলে যখন ১৯৭৫ সালে প্রথম সিনেমা হলে মুক্তি পায় তখন হল ফাঁকা যাচ্ছিল। ধরেই নেওয়া হয়েছিল একটা ফ্লপ সিনেমা হতে চলেছে শোলে। কিন্তু ১ মাস পর যাঁরা দেখেছিলেন সিনেমাটি তাঁদের মুখে মুখে ঘুরতে থাকে শোলের কাহিনি। আর সেই মুখে মুখে চলা আলোচনায় ক্রমে হলে দর্শকের ভিড় বাড়তে থাকে। বাকিটা ইতিহাস।

ভারতে যে কয়েকটি সিনেমা সবচেয়ে বেশি সময় ধরে হলে চলেছিল তার একটি শোলে। যার ৫০ বছর পূর্ণ হয়েছে। শোলের ৫০ বছর পূর্তি উপলক্ষে শোলের পুরনো প্রিন্টটি ফের নতুন করে তৈরি করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেটিকে আরও ঝকঝকে করে তোলা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে। সেই নতুন করে সাজানো প্রিন্ট ইতালির বোলোগনা শহরের ওপেন এয়ার স্কোয়ারে প্রদর্শিত হয়েছিল ২০২৫ সালের ২৭ জুন।

বোলোগনা শহরের এই খোলা আকাশের নিচে শোলের প্রদর্শনটির সময় ছিল একটু অবাক করা। রাত ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত ছিল শো। সেই রাত জেগে ভারতীয় সিনেমা শোলে দেখতে ২ হাজার ইতালীয় জমা হয়েছিলেন সেখানে।

তাঁরা সিনেমাটি দেখেন রাত জেগে। ইতালীয়দের মধ্যেও শোলে নিয়ে সেই রাত জাগা উৎসাহের কথা একটি শোতে এসে জানালেন শোলের জয় তথা ভারতীয় সিনেমার কিংবদন্তি অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা