বাড়িতে ঢুকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিল ভাল্লুক

ভাল্লুকের হামলা বিষয়টার সঙ্গে অনেকেই পরিচিত ভাল্লুক আছে এমন জায়গায় যাঁরা থাকেন। এবার একটি ভাল্লুক বাড়িতে ঢুকে রান্নাঘরে আগুনও জ্বালিয়ে দিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভাল্লুক, প্রতীকী ছবি

ভাল্লুকটি বাড়ি ঢুকেছিল একরকম জোর করেই। অনেক জায়গাতেই দেখা যায় ভাল্লুক খাবারের খোঁজে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। এক্ষেত্রেও সে খাবারের খোঁজেই ঢুকেছিল বলে অনুমান করা হচ্ছে।

তবে এ ভাল্লুকটি একটু আক্রমণাত্মক মেজাজের ছিল। ফলে সেটি দরজার দিকের একটি কাচ ভেঙে দেয়। তারপর বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে চারপাশ তছনছ করে।

এখানেই শেষ নয়। তারপর সে ঢুকে পড়ে রান্নাঘরে। বাড়িতে ২ জন ছিলেন। কিন্তু তাঁরা ভাল্লুককে আটকানোর চেষ্টা দূরে থাক নিজেদের রক্ষা করবেন কীভাবে সেটাই ভেবে পাচ্ছিলেন না।

ভাল্লুকটি রান্নাঘরে ঢুকে একটি কাঠের ট্রে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ভাল্লুকের ধাক্কায় পড়ে যাওয়া ট্রেটি গিয়ে পড়ে একটি ইলেকট্রিক স্টোভের ওপর।

কোনওভাবে সেটি এরফলে জ্বলে যায়। আগুন জ্বলে যেতে তার ওপর গিয়ে পড়া কাঠের ট্রেটিতে আগুন লেগে যায়। গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে যায়। খবর যায় দমকলে।

দমকলকর্মী থেকে পুলিশ সব বিভাগের আধিকারিকরাই এসে হাজির হন। এরমধ্যেই ওই ভাল্লুকটি শোওয়ার ঘরের দরজা ভাঙার চেষ্টা শুরু করেছে। অগত্যা তাকে থামাতে গিয়ে তাকে ঘুম পাড়ানো হয়।

এরপরই বাড়িতে ঢোকা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাটি ঘটেছে কলোরাডোতে। ভাল্লুক বাড়িতে ঢুকে পড়া নতুন নয়। তবে রান্নাঘরে ঢুকে তছনছ করতে গিয়ে রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে ভাল্লুক এমন ঘটনা বিরল।