শীতকালে মস্তিষ্কে বদল আনে এই পাখি, বসন্ত এলে পুরনো অবস্থায় ফিরে যায়

বছরের মধ্যে শীতকালটায় তাদের মস্তিষ্কে বদল আনতে পারে এই পাখি। আর মস্তিষ্কের এই বদলের পিছনে বিশেষ কারণও রয়েছে। বসন্ত এলে ফের পুরনো অবস্থায় ফিরে যায় মস্তিষ্ক।

মেক্সিকান চিকাডি, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Julio Mulero

পাখি থেকে অন্য সব প্রাণি দিনের অনেকটা সময় ব্যয় করে নিজের খাবার খুঁজে বেড়ানোর পিছনে। এমন কয়েকটি পাখি আছে যারা আবার খাবার সংগ্রহ করে লুকিয়ে রাখে। যতটা প্রয়োজন খেল, তারপর যে অতিরিক্ত সংগ্রহ হল তা কোনও একটা ফাঁকফোকরে লুকিয়ে রাখে। যাতে প্রয়োজনে সেখান থেকে খাবার খেতে পারে।

সমস্যাটা হয় শীতকালে। যেসব জায়গায় প্রবল ঠান্ডা পড়ে, বরফ পড়ে সেখানে কোথায় খাবার রাখল তা পাখিরা নিজেরাই খুঁজে পায়না। ব্ল্যাক ক্যাপড চিকাডি নামে একধরনের পাখি রয়েছে যারা খাবার লুকিয়ে রাখায় সিদ্ধহস্ত। কিন্তু তারা থাকে প্রবল ঠান্ডার জায়গায়।

শীত এলে তাই তাদের লুকোনো জায়গা ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যাতে তা ভুলে না যায় সেজন্য মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। তাই শীতের সময় ওই পাখিরা তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ৩০ শতাংশ বৃদ্ধি করতে পারে।

প্রসঙ্গত মনে রাখার ক্ষমতা বাড়ানোর জন্য হিপোক্যাম্পাসের ভূমিকা প্রশ্নাতীত। অনেকটা সিহর্সের মত দেখতে এই অংশ মস্তিষ্কের মধ্যে থাকে। যা নতুন তথ্য মাথায় রাখা, মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যকরি।

উত্তর আমেরিকার বাসিন্দা এই পাখিরা শীতেও যাতে তাদের লুকোনো খাবারের জায়গা ভুলে না যায় সেজন্য নিজেদের মস্তিষ্কের এই হিপোক্যাম্পাসকে ৩০ শতাংশ বৃদ্ধি করতে পারে। এতে তাদের মনে রাখতে অসুবিধা হয়না যে তারা কোথায় খাবার লুকিয়ে রেখেছে।

আবার যখন বসন্তকাল আসে, তখন তারা তাদের মস্তিষ্কের এই বৃদ্ধি কমিয়ে ফেলে। তারপর তা সাধারণ অবস্থায় ফিরে আসে। যেমন সারাবছর থাকে। আবার শীত এলে ক্ষমতা বাড়িয়ে নেয় চিকাডিরা। পৃথিবীতে অনেক আশ্চর্যই মানুষকে হতবাক করে। এটাও তারমধ্যে একটা।