Sports

ভারতের সামনে অসহায় নতিস্বীকার, পাকিস্তানকে হেলায় হারাল ভারত, ব্যাটে ঝড় ঈশানের

পাকিস্তানকে ফের ক্রিকেটের ময়দানে হেলাফেলা করে হারাল ভারত। দাঁড়াতেই পারল না বাবরের দল। ভারতের সামনে অসহায় নতিস্বীকার।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তৈরি হওয়ার জায়গাই তৈরি হল না। তৈরি হতে পারত যদি সমান সমান ২টি দলের লড়াই হত। কিন্তু পাকিস্তান দলটার ভারতের সামনে দাঁড়ানোর মত দক্ষতাই নেই।

নামিবিয়াও ভারতের বিরুদ্ধে যে লড়াইটা দিতে পেরেছিল তা পাকিস্তান দিতে পারল না। অসহায়ের মত হার স্বীকার করলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতের দাপট ঠেকানো অসম্ভব হল বাবরদের।

এদিন কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত পাক ম্যাচ দেখার ভিড় ছিল নজর কাড়া। টি২০ বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ বলা হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচকে। সেই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা।

এই সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যান ক্রিকেট বিশেষজ্ঞেরা। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। প্রথম ৬ ওভারে যাঁর দাপুটে ব্যাট ভারতের বড় ভরসা সেই অভিষেকের আউট কিছুটা ধাক্কা দিলেও তা স্থায়ী হয়নি। কারণ তারপর যে তাণ্ডব ঈশান কিষাণ শুরু করেন তা ঠেকানোর কোনও উপায় খুঁজে পাচ্ছিল না পাকিস্তান।

ঈশান হয়তো আরও বড় রান করে যেতে পারতেন কিন্তু পায়ে সমস্যা দেখা দেওয়ায় হয়তো মনঃসংযোগে ব্যাঘাত ঘটে তাঁর। ফলে আউট হন। তবে তাঁর ৪০ বলে ৭৭ রান ভারতকে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে যায়।

এরপর পাক স্পিনাররা কিছুটা বেগ দিলেও রান উঠতে থাকে। ঈশান যে গতিতে রান তুলছিলেন সে গতিতে না হলেও রান উঠতে থাকে। তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং শেষে রিঙ্কু সিং ফিনিশারের কাজটা করে দেন। সব মিলিয়ে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। যার শেষ ২টি উইকেট শেষ ২ বলে পড়ে যায়।

১৭৬ রান তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং ধস শুরু হয়ে যায় শুরু থেকেই। ১৩ রানে ৩ উইকেট এবং ৩৪ রানে ৪ উইকেট হারানোর পর পাকিস্তানের এদিনের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। বাকিটা কেবল নিয়মরক্ষার ম্যাচ হল।

ম্যাচে এমন কোনও সময় আসেনি যেখানে খেলাটা টানটান অবস্থায় পৌঁছেছে। একতরফা খেলে জয় ছিনিয়ে নেয় ভারত। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম মাত্র ৫ রান করে ফেরেন। পাক উইকেট কিপার উসমান খান ৪৪ রান এবং শাহিন আফ্রিদি ২৩ রান করে কিছুটা মুখ রক্ষা করেন। বাকি পাকিস্তান ব্যাটিং কার্যত ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি।

এদিন ম্যাচের সেরা হন ঈশান কিষাণ। এদিনের জয়ের সঙ্গে ভারত একটি রেকর্ড গড়ল। টি২০ ম্যাচে ভারত সবচেয়ে বড় রানে জয় পেল পাকিস্তানের বিরুদ্ধে। এখনও টি২০ বিশ্বকাপে ৯ বার ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। ৮ বার ভারত জিতেছে। ১ বার পাকিস্তান জিতেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *