কোন জেলায় কবে ভোট, আপনার জেলায় কবে, রইল তালিকা
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এবার ২ দফায় এ রাজ্যে ভোটগ্রহণ হতে চলেছে। কোন দফায় কোন জেলায় ভোট। রইল তালিকা।
একটা জল্পনা চলছিলই। এবার কম দফায় ভোটগ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। সেই জল্পনাই সত্যি হয়েছে। দিল্লিতে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৫ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন।
অন্য ৪ রাজ্য অসম, পুদুচেরি, কেরালা এবং তামিলনাড়ুতে ১ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় ভোট। এদিন ১৫২টি আসনে ভোট হবে।
এই ১৫২টি আসন ছড়িয়ে আছে রাজ্যের ১৬টি জেলায়। এই ১৬টি জেলা হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলা তো বটেই, তার সঙ্গে জঙ্গলমহল ও রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে ভোট হবে প্রথম দফায়।
রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল, বুধবার। এদিন বাকি ৭টি জেলায় ভোট হবে। ১৪২টি আসনে ভোটগ্রহণ পর্ব সম্পূর্ণ হবে ওই দিন। এই ৭টি জেলা হল, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।
বলা যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওইদিন ভোট। এরপর ৪ মে-র জন্য অপেক্ষা। ৪ মে সোমবার হবে গণনা। এ রাজ্যে তৃণমূলই আবার সরকার গড়বে নাকি বদল হবে তা পরিস্কার হয়ে যাবে ফলাফলে।
প্রসঙ্গত ২০২৬ সালে যেখানে ২ দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে রাজ্যে, সেখানে এর আগের বিধানসভা নির্বাচনে ২০২১ সালে ভোট হয়েছিল ৮ দফায়।













