একটি কাউন্টি মেলায় বিক্রি হচ্ছিল মাথাটা। অনেকে যাঁরা প্রাচীন সামগ্রি কিনতে পছন্দ করেন, তেমনই এক ব্যক্তির সেটি দেখে পছন্দ হয়। বিশেষত সেই শেয়ালের মাথাটার গোল গোল চোখ আর মজাদার হাসি দেখে তাঁর পছন্দ হয়ে যায়।
বিক্রেতা জানান সেটা শেয়ালের মাথা। দামও তেমন কিছু নয়। ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ হাজার টাকারও কিছু কম। দেখতে ভাল লাগায় সেটি ওই ব্যক্তি কিনে নেন।
পরে সেই শেয়ালের মাথা তিনি নিলাম করার কথা ভাবেন। নিলামে তোলার পর সেটির ছবি তোলা হয়। সে ছবি এক বিশেষজ্ঞ ভাল করে দেখার পর তাঁর একটা সন্দেহ হয়। তিনি স্থির করেন ছবি দেখে নয়, তিনি ওই মাথাটি সামনে থেকে দেখবেন।
তাই নিলামের দিন তিনি হাজির হন সেটি ভাল করে দেখার জন্য। আর সেটা করতে গিয়ে তিনি চমকে ওঠেন। তাঁর সন্দেহই ঠিক। ওটা কোনও শেয়ালের মাথাই নয়। বরং সেটি লুপ্ত হয়ে যাওয়া প্রাণি তাসমানিয়ান বাঘ-এর।
১৯৩৬ সালে শেষ তাসমানিয়ান বাঘ এই দুনিয়া ছেড়ে চলে যায়। সেখানেই শেষ হয়ে যায় এই বিশেষ প্রজাতির বাঘের পৃথিবীর মাটিতে হাঁটাচলা। সেই তাসমানিয়ান টাইগারের মাথা ওটি। শেয়ালের নয়। নিলামে সেই মাথার দাম ওঠে ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ লক্ষ টাকা।
ব্রিটেনের এই শেয়ালের মাথা ভেবে জলের দরে কিনে আনা বস্তুটি যে লুপ্ত প্রাণি তাসমানিয়ান টাইগারের মাথা, সেটা জানার পর এই খবর ছড়াতে সময় লাগেনি।