বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা, কোথায় কেমন বৃষ্টি, পাওয়া গেল পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ যেন সমুদ্রের ঢেউয়ের মত একের পর এক আছরে পড়ছে। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ নতুন করে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করল।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা প্রকৃতি, প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে এবার একটি নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ নতুন করে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। কয়েকটা দিন মোটের ওপর শুকনোই ছিল আবহাওয়া। টুকটাক বৃষ্টি হলেও তা জনজীবনকে ব্যাহত করেনি। কারণ নিম্নচাপ ছিলনা।

যেটুকু বৃষ্টি হয়েছে তা মৌসুমি বায়ুর প্রভাবে। এবার কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি নিম্নচাপ ফের বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে।

অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এ সময় সমুদ্র উত্তাল থাকবে।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ২ জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা।

বাকি সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। যা শুক্রবারও বজায় থাকবে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্যই কমলা সতর্কতা নেই।

উত্তরবঙ্গের সব জেলার জন্যই রয়েছে হলুদ সতর্কতা। যা রবিবার পর্যন্ত বজায় থাকবে। রাজ্য জুড়েই থাকছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

কয়েকদিন মোটামুটি রোদ পাওয়ার পর ফের বৃষ্টির ভ্রুকুটি নতুন করে চিন্তার কারণ হয়েছে। যদিও দেশের সিংহভাগ অংশেই বৃষ্টি নেই। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি বাকি অংশের সঙ্গে মিলছে না। এখানে কিন্তু দফায় দফায় নিম্নচাপ যথেষ্ট বৃষ্টির কারণ হচ্ছে।