ব্রিটেনে ২৩ বছরেই মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ, গর্বিত ভারতবাসী

ব্রিটেনে ইতিহাস গড়লেন এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ। মাত্র ২৩ বছর বয়সে ব্রিটেনের শহরের মেয়র হলেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত ভারতবাসী।

তুষার কুমার, ছবি – সৌজন্যে – এক্স – @CllrTusharKumar

২৩ বছর বয়সে অনেকের উচ্চশিক্ষা সম্পূর্ণ হয়না। যাঁরা ছাত্ররাজনীতি করেন তাঁরা সে সময় তার সঙ্গে জড়িত থাকেন ঠিকই, তবে সেটা মূল রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশের আগে নেটে অনুশীলনের মত হয়।

কিন্তু ওই বয়সেই ব্রিটেনের এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড-এর মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ তুষার কুমার। ২৩ বছরে মেয়র পদে বসার পর তিনি গড়ে ফেলেছেন ইতিহাসও।

তুষার কুমারই হলেন প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত যিনি এত কম বয়সে ব্রিটেনের কোনও শহরের মেয়র হলেন। তুষার কুমার হরিয়ানার ছেলে। তুষার কুমার এক্স হ্যান্ডলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে দ্বিধা করেননি।

তিনি এটাও লিখেছেন যে লন্ডনের কিংস কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা থেকে তাঁর ভালবাসার শহরের মেয়র হওয়া, এই সফরটা তাঁর কাছে স্বপ্নের মত।

রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিংস কলেজে পড়াশোনার সময় ২০ বছর বয়সে তিনি প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এত কমবয়সী এক তরুণের এত কম বয়সে কাউন্সিলর হওয়ার পরও তিনি সকলের নজর কেড়েছিলেন।

তুষার কুমারের পাশাপাশি শহরের ডেপুটি মেয়র হয়েছেন লিন্ডা স্মিথ। লিন্ডাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তুষার তাঁকে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন। বয়স ২৩ বছর হলেও তুষার কুমার কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পরিপক্বতার স্বাক্ষর রাখা শুরু করেছেন।

প্রসঙ্গত ব্রিটেনে এখন স্থানীয় প্রশাসন এবং পৌরসভা কেন্দ্রিক কাজকর্মে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা স্পষ্ট নজর কাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা