অন্য দেশ থেকে এসে স্ত্রীকে কোলে তুলে দৌড় দিলেন যুবক
তিনি এসেছেন অন্য দেশ থেকে। ভিনদেশ থেকে এসে এক যুবক তাঁর স্ত্রীকে কাঁধে তুলে দৌড় দিলেন। পার করলেন নানা বাধাও। গায়ে পড়ল ঠান্ডা জল।
সারি দিয়ে অপেক্ষায় যুগলরা। কেউ স্ত্রীকে নিয়ে তো কেউ প্রেমিকাকে নিয়ে অধীর অপেক্ষায়। শুরুর লাইনে অপেক্ষা। প্রত্যেক পুরুষ তাঁর স্ত্রীকে কোলে নিয়ে দাঁড়িয়ে। মহিলাদের পা মাটিতে পড়লে হবেনা। শর্ত হল ওইভাবে নারীকে কাঁধে তুলে ছুটতে হবে পুরুষকে।
সোজা সরল পথে নয়। বরং পথের মাঝে থাকবে খড়ের গাদা থেকে আরও নানা বাধা। সেখানেই শেষ নয়। ২ ধারে দাঁড়িয়ে থাকা দর্শকরা তাঁদের শান্তিতে ছুটতে দেবেন না। বরং তাঁদের বিরক্ত করতে গায়ে বালতি করে জল ছুঁড়তে থাকবেন।
এত কিছুর মধ্যেও লক্ষ্যের দিকে ছুটে যেতে হবে। তাও আবার স্ত্রীকে কোলে তুলে। ফেলে দিলে আর জয়ের কোনও আশা থাকবেনা। এভাবে স্ত্রীকে কোলে তুলে যিনি আগে গিয়ে ফিনিশিং লাইন ছোঁবেন তিনিই চ্যাম্পিয়ন। আর সেটাই করে দেখালেন এ দম্পতি।
তাঁরা ফিনল্যান্ডে থাকেন। সেখান থেকে পাড়ি দেন দম্পতি। আসেন ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিংয়ে। এখানেই ২০০৮ সাল থেকে প্রতিবছর এক আশ্চর্য প্রতিযোগিতা চলে আসছে। যেখানে স্ত্রীকে কোলে তুলে ছুটতে হয় পুরুষদের।
তারপর যিনি প্রথম হন তিনি পান পুরস্কার। এবার ফিনল্যান্ডের ওই দম্পতি বিজেতা হওয়ার পর তাঁদের পুরস্কার হিসাবে কোনও ট্রফি বা মেডেল দেওয়া হয়নি।
দেওয়া হয় এক ব্যারেল বিয়ার। এটাই এই প্রতিযোগিতার রীতি। বাৎসরিক এই ওয়াইফ ক্যারিং রেস-এ অংশ নিতে এই সময় ইংল্যান্ডে হাজির হন অন্য দেশের দম্পতিরাও।













