World

প্রায় ১০০ বছর পুরনো ক্যামেরার মধ্যে ছবির রোল, তাতেই পাওয়া গেল রহস্যময় ছবি

ক্যামেরাটা যে ১৯৩০-এর দশকের সে বিষয়ে নিশ্চিত সকলে। সেই ক্যামেরার মধ্যে পাওয়া গেল একটি পুরনো তোলা ছবির রোল। সেই রহস্যজনক ছবিগুলি সামনে এল।

এক ব্যক্তি পুরনো জিনিসপত্রের দোকান ঘুরে দেখছিলেন। তখনই তাঁর নজরে পড়ে একটি ক্যামেরা। পুরনো ক্যামেরা। তবে পুরনো বলেই হয়তো ওই ব্যক্তিকে আকর্ষিত করে সেটি। তিনি ক্যামেরাটি কিনে নেন।

পরে যখন ক্যামেরাটি ভাল করে দেখার চেষ্টা করেন তখন দেখেন ক্যামেরার মধ্যে একটি তোলা ছবির রোল রয়েছে। তার মানে ওই ক্যামেরায় ছবি তোলা হয়েছিল। তারপর যে কোনও কারণেই হোক ক্যামেরা থেকে রোলটি বার করা হয়নি।

সেই অবস্থাতেই প্রায় ১০০ বছরের কাছাকাছি কাটিয়ে দিয়েছে ক্যামেরাটি। সেটি পাওয়ার পর একটি ছবির দোকানে হাজির হন ওই ব্যক্তি। ক্যামেরাটি দেখিয়ে ওই রোলটি ডেভেলপ করে দিতে বলেন।

ওই ছবির দোকানের কর্মীরা সেটি দেখার পর অবাক হয়ে যান। এ মডেল তো এক কথায় ঐতিহাসিক। তাঁরা প্রায় নিশ্চিত ছিলেন যে এত বছর ধরে ক্যামেরাটি পড়ে থাকার পর ওই ফিল্ম রোলে আর কিছু অবশিষ্ট নেই। হয় আলো ওর সব ছবি নষ্ট করেছে, অথবা ধুলোয় নষ্ট হয়েছে।

তবু তাঁরা ছবিগুলি ডেভেলপ করার চেষ্টা শুরু করেন। আর আশ্চর্য হয়ে যান এটা দেখে যে প্রতিটি ছবি তখনও একদম ঠিক রয়েছে। ক্যামেরায় সুইৎজারল্যান্ডের সেন্ট মোরিজ-এ একটি পরিবারের স্কি করার ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে ইংল্যান্ডের একটি দোকানে অনেক মহিলার চা খাওয়ার ছবি।

ক্যামেরাটি ইংল্যান্ডের এক বাসিন্দা সেখানকার একটি পুরনো জিনিসের দোকান থেকে কেনেন। ছবির স্টুডিওটিও ইংল্যান্ডেই। ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে স্টুডিও কর্তৃপক্ষ এই আশায় যে যদি কেউ তাঁর পরিবারের লোকজনকে চিনতে পেরে ওই ছবিগুলি উদ্ধার করতে আসেন। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *