মেয়ের দ্বিতীয় বিয়েতে চুটিয়ে নাচলেন রজনীকান্ত

নবদম্পতিকে রজনীকান্তের আশির্বাদ, ছবি - আইএএনএস

মেয়ে সৌন্দর্যের বিয়েতে প্রাণ খুলে নাচলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁরই বিভিন্ন সিনেমার সুপারহিট গানের তালে নাচলেন তিনি। মেয়ের বিয়েতে সকলের সঙ্গে খুশিতে মেতে উঠলেন। গত রবিবার ছিল সঙ্গীত। সেখানে পুরো অনুষ্ঠানই হয় পরিবারের নিজেদের মধ্যে। সেখানেই রজনীকান্তের নাচের ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। হয়ে যায় ভাইরাল।

ফাইল : সৌন্দর্য রজনীকান্ত, ছবি – আইএএনএস

রজনীকান্তের মেয়ের বিয়ে বলে কথা। ফলে চেন্নাইতে বিয়ের মঞ্চে ছিলেন বহু হুজ হু। আসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। আসেন আর এক দক্ষিণী সুপারস্টার কমল হাসান। আসেন হালফিলের দাপুটে নায়ক মোহন বাবু, বিষ্ণু মাঞ্চু, প্রভু, বিক্রম প্রভু, অদিতি রাও হায়দারি, আন্দ্রিয়া জেরেমিয়া, মঞ্জিমা মোহন সহ বহু তারকা। অতিথিদের নামের তালিকা এদিন নেহাত কম ছিলনা।

১ ফ্রেমে ২ সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান, ছবি – আইএএনএস

রজনীকন্যা সৌন্দর্যের এটি দ্বিতীয় বিয়ে। ২০১০ সালে শিল্পপতি অশ্বিন রামকুমারকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি সন্তানও হয়। নাম বেদ। ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন সৌন্দর্য। বিয়ে ভেঙে যায়। তারপর তাঁর সম্পর্ক গড়ে ওঠে তামিল সিনেমায় গত বছরই প্রথম আত্মপ্রকাশ করা ভিশাগন ভানাঙ্গামুদি-র সঙ্গে। সেই সম্পর্ক রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

নবদম্পতির সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও রজনীকান্ত, ছবি – আইএএনএস

প্রসঙ্গত সৌন্দর্য জীবন শুরু করেন একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে। পরে তিনি বাবা, মাজা, শিবাজি সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তারপরে একজন পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর প্রথম সিনেমা ‘কোচাদাইয়া’। যে সিনেমার মুখ্য ভূমিকায় দেখা গেছে সৌন্দর্যর বাবা রজনীকান্তকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)