এআইয়ের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলন, মানুষ নয় আন্দোলন করল যন্ত্র মানবরা

এআইয়ের বাড়বাড়ন্তে লাগাম দিতে এবার এআই নির্ভর যন্ত্র মানবরাই পথে নামল। আন্দোলনে মুখর হল তারা। যে দৃশ্য অবাক করল মানবসভ্যতাকে।

রোবটদের আন্দোলন, ছবি – সৌজন্যে – ফেসবুক – @Democratism

এআই দিয়ে অনেক কিছু সহজেই হয়ে যাচ্ছে। মানুষ লাগছে না। এ কারণেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তার প্রবল দাপট প্রদর্শন শুরু করেছে। ক্রমশ এআই আরও শক্তিশালী হচ্ছে। যার ফল হচ্ছে ভয়ংকর।

বহু মানুষের কাজ যাচ্ছে। অনেক সংস্থা সরাসরি জানিয়েই দিচ্ছে এআই দিয়ে তাদের কাজ উঠে যাচ্ছে। তাই তাদের আর এত কর্মীর দরকার নেই। কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহু সংস্থা।

এভাবে এআইয়ের রমরমা রুখতে বিশ্বজুড়েই নানা মহল থেকে এআই নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। এআইয়ের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকারগুলিকেই প্রয়োজনীয় আইন করার কথাও বলা হচ্ছে।

এআই যদি কারও ক্ষতি করছে তা মানুষের। মানুষ কাজ হারাচ্ছেন। রোজগার হারাচ্ছেন। কিন্তু রোবটদের তাতে সমস্যার কিছু নেই। কিন্তু মানুষকে এআইয়ের দাপট থেকে রক্ষা করতে এবার তারাই পথে নামল।

এআই নির্ভর রোবট ও রোবট কুকুর মিলিয়ে প্রায় ৩০টি এমন যন্ত্র পথে নেমে আন্দোলনে শামিল হল। পোল্যান্ডে এই অভিনব আন্দোলন হয়েছে।

পোল্যান্ডের ওয়ারশ-তে ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রকের সামনে ৩০টি এমন রোবট ও যন্ত্র কুকুর এআইয়ের ওপর নিয়ন্ত্রণে কড়া আইন প্রণয়ন এবং মানুষের কাজ বাঁচাতে পদক্ষেপের দাবি তুলে প্রতিবাদ আন্দোলনে শামিল হয়। মানুষের জন্য যন্ত্রদের এই আন্দোলন গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।