একটি গরুর জন্য স্কুলের ছাত্র, শিক্ষক, কর্মীরা স্কুলেই তালাবন্ধ
স্কুল যেমন শুরু হওয়ার তেমনই হয়েছিল। কিন্তু সেই স্কুলেই এক আশ্চর্য অবস্থার সৃষ্টি হল। সব ছাত্র, শিক্ষক, কর্মীরা স্কুলেই তালাবন্ধ অবস্থায়।
স্কুল অন্যান্য দিনের মতই চলছিল। স্কুলের ২টি ভাগ। একটি জুনিয়র সেকশন, অপরটি সিনিয়র সেকশন। ক্লাস চলছিল সর্বত্রই। এমন সময় আচমকা সেখানে একটা আলোড়ন শুরু হয়। পুলিশেও খবর যায়।
পুলিশ স্কুলে এসে প্রথমেই স্কুলের ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে তালা বন্ধ করে দেয়। তারা তখন স্কুলের মধ্যেই আটক। বার হওয়ার উপায় নেই। তবে পুলিশের এই পদক্ষেপ আদপে ছিল স্কুলের মধ্যে আর কেউ যাতে ঢুকতে না পারে তা নিশ্চিত করার জন্য।
কারণ একটি গরু। একটি গরু তার গোশালা থেকে বেরিয়ে আসে। যা তার মনিবের নজরে আসেনি। তারপর সে নিজের মত শহরে ঘুরতে শুরু করে।
এমন করতে করতে গরুটি ঢুকে পড়ে ম্যাককুক হাইস্কুলে। সেই স্কুলের টেনিস খেলার জায়গায় গরুটি পৌঁছে যায়। তারপরই সে নজরে পড়ে। পুলিশ আসে।
গরুটি যাতে স্কুলের ক্লাসঘর বা অন্যত্র ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করতে এবং ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ স্কুলে তাদের তালাবন্ধ করে বাইরে টেনিস খেলার জায়গা থেকে গরুটিকে সরানোর কাজে লাগে।
অবশেষে গরুটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তারা। তারপর তাকে তুলে দেওয়া হয় তার মনিবের হাতে। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নেব্রাস্কায়।
এ ঘটনার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। গরুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর স্কুল ফের স্বাভাবিক হয়। বন্দিদশা থেকে মুক্তি পান ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।













