শুরু হয়ে গেল নৌতপা, ৯ দিন ধরে চরম গরমে পুড়বে দেশের বড় অংশ

নৌতপা হল বছরের এমন ৯টা দিন যে সময় ভারতের একটা বড় অংশে পারদ চরম পর্যায় ছুঁয়ে ফেলে। সেই সময় শুরু হয়ে গেছে।

আজমেরে গরম থেকে পোষ্যকে রক্ষা, ছবি - আইএএনএস

সূর্য যখন কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে অবস্থান করে তখন গরম তার মাত্রা ছাড়িয়ে যায়। এটি ভারতে ৯ দিন ধরে তার প্রভাব ফেলে। একেই গরমে নাজেহাল ভারতে এই ৯ দিন গরম তার চরম আকার ধারণ করে। একে বলা হয় নৌতপা।

৯ দিনের এই নৌতপা সময় শুরু হয়ে গেছে। মে মাসের ২৫ তারিখ থেকে জুন মাসের ২ তারিখ পর্যন্ত এই ৯ দিনের নৌতপা বিরাজ করবে ভারতের ওপর। যার জেরে প্রবল গরম সহ্য করতে হবে বিভিন্ন অংশকে।

ইতিমধ্যেই নৌতপা-র মধ্যে মধ্যপ্রদেশ দাবদাহে হিমসিম। খাজুরাহোতে পারদ ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গেছে শুধু নয়, সেখানেই থাকছে একের পর এক দিন। মধ্যপ্রদেশের ৩৭টি জেলার হালই বেহাল। সর্বত্রই ৪৩ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে পারদ ঘোরাফেরা করবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

নৌতপা-র প্রভাব পড়েছে আশপাশের রাজ্যগুলিতেও। রাজস্থান থেকে বিহার, সর্বত্রই এই ৯ দিনের অসহ্য গরমের স্পেল পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিয়েছে। এই গরমে সবচেয়ে বড় চিন্তা অসুস্থতা।

বেলা বাড়লে খুব দরকার না পড়লে রাস্তায় বার হতে মানা করছেন বিশেষজ্ঞেরা। যদি বার হতেই হয় তাহলে ছাতা, টুপি, সানগ্লাস পরে থাকতে বলা হচ্ছে। সেই সঙ্গে প্রচুর জল পান করতে বলা হচ্ছে। যাতে শরীরে ডিহাইড্রেশন বা জলশূন্য পরিস্থিতি তৈরি না হয়।

বয়স্ক এবং ছোটদের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। পোশাক থেকে খাবার সব ক্ষেত্রেই সতর্ক থাকতে বলা হয়েছে এই চরম গরমের গ্রাসে থাকা স্থানের মানুষজনকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা