National

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন। আত্মীয়, পড়শিদের ডেকে খাওয়ালেনও।

তিনি একা মানুষ। বিয়ে করেননি। একাই জীবন কাটান। আত্মীয় পরিজন আছেন। তাঁদের সঙ্গে তাঁর সম্পর্কও ভাল। কিন্তু তারপরেও একটা একাকীত্ব বয়সের সঙ্গে সঙ্গে হয়তো পেয়ে বসেছিল। তাই ৬৪ বছর বয়সে পৌঁছে তাঁর মনে হয় তাঁর জীবনাবসানের পর তাঁর আত্মীয় পরিজনেরা তাঁর শ্রাদ্ধ নাও করতে পারেন।

হয়তো খরচের কথা ভেবে তাঁরা পিছিয়ে আসতে পারেন। তাঁর পরলোকগমনের পর তাঁর শ্রাদ্ধ যদি না হয় তাহলে কি হবে! এই চিন্তাটা তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই তিনি স্থির করেন তিনি নিজের শ্রাদ্ধ নিজের জীবদ্দশাতেই করে যাবেন।

যেমন ভাবা তেমন কাজ। তিনি তাঁর তেরাভি বা গত হওয়ার ১৩ দিন পর যে শ্রাদ্ধ হয় তা একেবারে নিয়ম মেনে পালন করেন। যাতে পিণ্ডদানও একটা বড় অংশ। তিনি নিজের শ্রাদ্ধ নিজেই করেন। নিজের পিণ্ডদানও করেন।

এমনকি শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নিয়ম মেনে তিনি কার্ডও তৈরি করেন। সেই কার্ড গ্রামের মানুষ থেকে শুরু করে তাঁর আত্মীয়, পরিজনদের মধ্যে বিলিও করেন।

তাঁর শ্রাদ্ধে ১ হাজার ৯০০ জন মানুষ নিমন্ত্রিত ছিলেন। সকলেই তাঁর শ্রাদ্ধে খাওয়াদাওয়া করেন। উত্তরপ্রদেশের ঔরেয়ার বাসিন্দা ওই ৬৪ বছরের মানুষটি নিয়ম মেনেই নিজের শ্রাদ্ধ নিজেই করেন। টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *