মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ রান্না মাংস নিয়েই থানায় হাজির হলেন এক ব্যক্তি।
উৎসবের আনন্দ উদযাপনের সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়ার একটা সম্পর্ক বহুদিনের। সেই উৎসবের আনন্দেই বাড়িতে মটন কিনে এনেছিলেন এক ব্যক্তি। তারপর তা ধুয়ে যেভাবে রান্না করে সেভাবে রান্না শুরু করেন।
রান্নাটা করতে কতটা সময় লাগতে পারে তা তাঁর জানা। তাই মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে তিনি অবাক হন। দেখেন মাংস সিদ্ধ হয়নি। তাই একই পদ্ধতি মেনে ফের চেষ্টা।
তাতেও কাজ না হওয়ায় ফের চেষ্টা। আর এভাবেই প্রায় বার ২০-র চেষ্টাতেও মাংস আধকাঁচা এবং কচকচে থাকায় তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি।
রাগে ওই কড়াই ভর্তি মাংস নিয়েই হাজির হন স্থানীয় থানায়। সেখানে কড়াই ভর্তি মাংস দেখিয়ে তিনি মাংস কিছুতেই সিদ্ধ না হওয়ার কথা খুলে বলেন। ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাডিপাতরি শহরে। সেখানকার বাসিন্দা সাদালা হাজি উগাদি উৎসব উপলক্ষে এই মাংস বাড়িতে এনে রান্নার চেষ্টা করছিলেন। উগাদি উৎসব উপলক্ষে তালাকুরা নামে মাংসের এই বিশেষ পদ অন্ধ্রপ্রদেশে রান্না হয়ে থাকে।
কিন্তু কিছুতেই মাংস সিদ্ধ না হওয়ায় তাঁর এই পুলিশে অভিযোগ জানাতে যাওয়া, তাও আবার মাংসের কড়াই হাতে নিয়ে, এটা পুলিশকেও হতবাক করে দিয়েছে। এমন অভিযোগও যে দায়ের হতে দেখা যাবে তা ওই থানার আধিকারিকরাও বোধহয় কল্পনা করতে পারেননি।













