বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে ৯ কিলোমিটার পথ দণ্ডি কাটলেন এক যুবক।
মাত্র ২ বছর হল বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের প্রথম ২ বছরে নতুন জীবন আনন্দে কাটার কথা ছিল। কিন্তু হয় তার উল্টো। বিয়ের পর থেকেই তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগে ছিল। তাঁদের মধ্যে সুন্দর দাম্পত্য জীবনের চিহ্নমাত্র ছিলনা।
ঝগড়া, মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছয় যে তাঁদের বৈবাহিক জীবন ২ বছরেই শেষ হতে বসে। যুবক এই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এতটাই মরিয়া হয়ে ওঠেন যে তিনি একটি মন্দিরে গিয়ে ঈশ্বরকে জানিয়ে আসেন যদি তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়, তাহলে তিনি তাঁর গ্রাম থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত আসবেন।
আইন মেনেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁর। এবার কথা রাখার পালা। উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা ওই যুবক তাঁর গ্রাম থেকে সকালেই বেরিয়ে পড়েন। তবে পায়ে হেঁটে নয়, দণ্ডি কেটে তিনি এগিয়ে যেতে থাকেন মন্দিরের দিকে।
তাঁর গ্রাম থেকে ৯ কিলোমিটার দূরে ভানপুরের ভাদবা মাতা মন্দির। রাস্তায় সাষ্টাঙ্গে শুয়ে পড়ে দণ্ডি কেটে ফের উঠে আবার সাষ্টাঙ্গে দণ্ডি। এভাবেই এগিয়ে যেতে থাকেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবার, বন্ধুরা।
সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত দণ্ডি কেটে যখন তিনি মন্দিরে পৌঁছন তখন তাঁর হাঁটু বেয়ে রক্ত গড়াচ্ছে। শরীর জুড়ে শুধুই ক্লান্তি। মানুষ সুন্দর দাম্পত্যজীবন চেয়ে মন্দিরে হাজির হন। এই যুবক দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ অতিক্রম করলেন বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে।













