National

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা প্রতিদিন তাঁর আদা চায়ের স্টল চালিয়ে যাচ্ছেন কারও সাহায্য ছাড়া।

১০৩ বছর বয়স তাঁর। এই বয়স পর্যন্ত জীবিত মানুষের সংখ্যাই হাতেগোনা। যাঁরা আছেন তাঁরা অনেকেই অত্যন্ত যত্নে থাকেন। পরিবারের সকলে তাঁদের খেয়াল রাখেন। চিকিৎসকদের নিয়মিত নজরদারিতে কাটে তাঁদের জীবন।

১০৩ বছরটা আর যাই হোক কর্মময় দিন কাটানোর নয়। কিন্তু বয়স যে একটা সংখ্যামাত্র তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কাজের মধ্যে জীবন কাটানোর জন্য ১০৩-ও যে কোনও বয়স নয় তা প্রমাণ করলেন ভদোদরা-র কাকী। কাকী বলেই তাঁকে সকলে চেনেন।

যিনি আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন। নিজে হাতে হামানদিস্তা দিয়ে আদা থেঁতো করেন। তারপর চা বানান। আদা চা। তাঁর আদা চায়ের গন্ধে ম ম করে আশপাশ।

মহারাজা সাওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁর এই চায়ের ছোট্ট স্টল। সেখানে ১০৩ বছরের এই পক্বকেশ বৃদ্ধাকে প্রতিদিন দেখতে পাওয়া যায়। অনেকেই হাজির হন তাঁর হাতের চা পান করতে।

১০৩ বছর বয়সেও তিনি স্বাবলম্বী। নিজের জীবন কাটাতে নিজের রোজগারটা আজও তিনি নিজেই ব্যবস্থা করে নেন। সারাদিন চা বেচেন। এই বয়সেও এই চায়ের ব্যবসাটা তিনি চালিয়ে যাচ্ছেন।

আর প্রতিদিন প্রমাণ করছেন কঠিন পরিশ্রম এমন জিনিস যা এক ১০৩ বছরের বৃদ্ধাকেও কর্মঠ করে রাখে। সোশ্যাল মিডিয়ায় এই বৃদ্ধার কথা সামনে আসার পর সংবাদমাধ্যমগুলিতে তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *