National

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে মাঝপথ থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

একটি বেসরকারি বাসে যাত্রা করছিলেন ৪০ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র। তাঁরা একটি এক্সকারশানে গিয়ে ওই বাসেই ফিরছিলেন। মাঝপথে বাসটিকে আটকায় পুলিশ। বাসের গা জুড়ে যা লেখা ছিল তা দেখেই এই পদক্ষেপ।

বাসটির গা জুড়ে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে স্লোগান লেখা ছিল। কোথাও লেখা ছিল গ্যাংস অফ মুম্বই, কোথাও লেখা ছিল রিয়েল ডন। যা দেখার পর প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন এগুলি দাউদের প্রশংসা করে লেখা হয়েছে।

তাই পুলিশ বাসটিকে মাঝপথে থামিয়ে সেটিকে আটক করে। অবশ্য বাসে থাকা ৪০ জন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তারা নামিয়ে দেয়। তাঁদের অন্য বাস ধরে গন্তব্যে পৌঁছতেও বাধা দেওয়া হয়নি। ইঞ্জিনিয়ারিং ছাত্রদের বিরুদ্ধে কোনও পদক্ষেপও হয়নি। তবে বাসের মালিক ও বাসের চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিকমাগালুর জেলায়। তবে বাসটি যাত্রা শুরু করেছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। সেখানেই ফিরছিল। তার আগে কর্ণাটক পুলিশ বাসটিকে আটক করে।

তবে কোয়েম্বাটুর পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের তরফ থেকে এটা খতিয়ে দেখা হচ্ছে যে বাসের গায়ে এই স্লোগান ইচ্ছা করে লেখা হয়েছে কিনা।

ঠিক কি উদ্দেশ্যে তা এভাবে বাসের গা জুড়ে লেখা হয়, কারা এ কাজ করেছে, কেন করেছে ও বাসটি সম্বন্ধে সবরকম খোঁজখবর নিচ্ছে কোয়েম্বাটুর পুলিশ। পুরো বিষয়টি এখন তদন্তাধীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *