দেশে কতদিনের তেল ও রান্নার গ্যাস রয়েছে, স্পষ্ট করল সরকার
তেল ফুরিয়ে যেতে পারে, রান্নার গ্যাসের বেহাল দশা, এমন নানা কানাঘুষোর মধ্যে এবার দেশবাসীকে নিশ্চিন্ত করল সরকার। পরিস্কার করল তেল ও রান্নার গ্যাসের পরিস্থিতি।
পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাস, পশ্চিম এশিয়ার সংকটকে সামনে রেখে দেশবাসীর মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে তাতে সন্দেহ নেই। এরমধ্যেই রান্নার গ্যাসের মজুত বা তেলের পরিস্থিতি নিয়ে নানা কানাঘুষো হয়েই চলেছে।
এতদিন ধরে রান্নার গ্যাস নিয়ে বা জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষকে কোনও গুজবে কান না দিতে অনুরোধ করে গেছে কেন্দ্র। এটাও বারবার পরিস্কার করেছে কোনও সংকট তৈরি হয়নি। রান্নার গ্যাস বা তেল নিয়ে দেশে কোনও সমস্যা নেই। কিন্তু তারপরেও কানাঘুষো থামছে না। মানুষের মন থেকে আতঙ্ক দূর হচ্ছেনা। এবার তাই পরিস্থিতি আরও পরিস্কার করল সরকার।
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে পরিস্কার জানানো হয়েছে, ভারতের জ্বালানি মজুত রাখার ক্ষমতা ৭৪ দিনের। আর এখন দেশে আগামী ৬০ দিনের জ্বালানি মজুত রয়েছে। তাই দেশের মানুষের চিন্তার কারণ নেই।
দেশের কোথাও পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনও সমস্যা নেই। এমনই দাবি করেছে মন্ত্রক। বিশ্বজুড়ে যাই হয়ে যাক না কেন, আগামী ২ মাসের জন্য দেশবাসীর এগুলি নিয়ে কোনও চিন্তা নেই বলেও আশ্বাস দিয়েছে তারা।
পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে জ্বালানি সমস্যা বিশ্বের অনেক দেশকেই প্রভাবিত করেছে। একাধিক দেশে জাতীয় শক্তি জরুরি অবস্থা জারি হয়েছে। রেশনের মত বেঁধে দেওয়া হয়েছে জ্বালানি ব্যবহার। কিন্তু ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়নি। ভারতের যোগানে কোনও ঘাটতি নেই বলেও জানিয়ে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও সতর্ক করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রক আরও জানিয়েছে হরমুজ প্রণালীতে যাই হোক না কেন, ভারত বিশ্বের ৪১টি যোগানদারের কাছ থেকে অপরিশোধিত তেল পাচ্ছে।
রান্নার গ্যাসের ক্ষেত্রেও ১ মাসের যোগান নিয়ে কোনও সমস্যা নেই। তারপরের সময়ের জন্যও যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। তাই দেশবাসীকে অযথা আতঙ্কিত হতে বারণ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













