কেবলমাত্র পুলিশের বাড়িতেই চুরি করত এক যুবক, কারণটা অবাক করে দেবে
যারা চুরি করে তারা পুলিশের ত্রিসীমানায় আসতে চায়না। পুলিশের থেকে সন্তর্পণে দূরত্ব বজায় রাখে। এই যুবক অবশ্য একদম উল্টো। পুলিশের বাড়িতেই চুরি করত সে।
যেখানে চোরেরা পুলিশের থেকে দূরে থাকে, সেখানে এক যুবক বেছে বেছে কেবল পুলিশের বাড়িতেই চুরি করত। এমন করে অনেক পুলিশের বাড়িতেই সে চুরি করেছে। অনেক দিন ধরেই এই সিরিয়াল চোরকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। কিন্তু নাগাল পাচ্ছিল না।
ওই যুবক সুচতুর ভাবে স্থান বদল করতে থাকত। একটা জায়গায় চুরি করার পর সে অনেক দূরে পালিয়ে যেত। তারপর ফের টার্গেট করত সেখানকার কোনও পুলিশকর্মীর বাড়ি।
কয়েকদিন আগেও সে ২ কনস্টেবলের বাড়িতে চুরি করে। টাকা, গয়না নিয়ে চম্পট দেয়। ২ কনস্টেবলের বাড়ি থেকে নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে পালায় ওই যুবক। এটা মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার খান্ডওয়া পুলিশ লাইনের ঘটনা।
সেখানে থাকা সিসিটিভি অবশ্য কাজে আসে। পুলিশ ওই যুবককে চিহ্নিত করতে সক্ষম হয়। তারপর তাকে ধাওয়া করে আলিরাজপুর জেলা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ যাতে ধরতে না পারে সেজন্য একটি ছাদ থেকে নিচে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। তবে নিচে পড়ে আর উঠতে পারেনি। হাত ও পায়ে আঘাত পায় সে। তাকে পুলিশ গ্রেফতার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
সব বাড়ি ছেড়ে কেবল পুলিশের বাড়ি বেছেই কেন চুরি করত সে? ওই যুবক পুলিশকে জানিয়েছে এর জন্য ১৫ বছর আগের একটা ঘটনা দায়ী।
১৫ বছর আগে তাকে এক পুলিশকর্মী মারধর করেন। সেই থেকেই সে কেবল পুলিশের বাড়ি বেছে বেছে চুরি করা শুরু করে। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হতবাক হয়ে যান অনেকে।













