তৈরি হল দেশের প্রথম মিউজিক্যাল রোড, গাড়ি গেলে বাজবে জনপ্রিয় গান
দেশের প্রথম সঙ্গীতমুখর রাস্তা পেলেন দেশবাসী। গাড়ি যদি ওই রাস্তার ওপর দিয়ে নির্দিষ্ট গতিতে যায় তাহলে বাজবে গান। গানটি জনপ্রিয় এবং সকলের চেনা।
দেশের প্রথম মিউজিক্যাল রোড। এটাও একটা বড় পাওনা। নতুনত্বে ভরা এই ভাবনা একটি হাঙ্গেরিয় প্রযুক্তি ভাবনার অনুকরণে তৈরি করা হয়েছে। মুম্বইয়ের কোস্টাল রোডের ৫০০ মিটার পথকে মিউজিক্যাল রোডের রূপ দেওয়া হয়েছে।
যে রাস্তার ওপর দিয়ে গাড়ি একটি নির্দিষ্ট গতি ৬০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে ছুটলেই তার ঘর্ষণে একটি সুর উঠবে। যা ভারতের প্রায় সকলের চেনা একটি গান।
স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জয় হো গানটি বেজে উঠবে। এআর রহমানের সুরে এই গানটি গাড়ির মধ্যে বসেও শুনতে পাওয়া যাবে। এই সঙ্গীতমুখর রাস্তাটি কোস্টাল রোডের একটি অংশ।
নরিম্যান পয়েন্ট থেকে ওরলি যাওয়ার পথে যখনই কোস্টাল রোড টানেল থেকে বার হবেন তখনই এই সঙ্গীতের পথে এসে পড়বেন। সেখান দিয়ে গাড়িকে নির্দিষ্ট গতিতে ছোটালেই গান শুনতে পাবেন সওয়ারিরা। এই সঙ্গীতমুখর পথের উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
কালো পিচের রাস্তার ওপর ডোরা কাটা আছে এই ৫০০ মিটার পথে। তাও আবার একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর। এবার গাড়ি যখন ৬০ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটবে তখন গাড়ির টায়ারের সঙ্গে রাস্তার একটি ঘর্ষণ তৈরি হবে। একটি কম্পন সৃষ্টি হবে। এই কম্পনই একটি শব্দতরঙ্গ তৈরি করবে। যা কানে পৌঁছলে সকলে স্পষ্ট শুনতে পাবেন জয় হো গানটি।













