National

ডাক্তারি পড়ার সুযোগ পেতে পায়ের পাতার একটা অংশ কেটে ফেললেন তরুণ

মেডিক্যালে সুযোগ পেতে হবে। সেজন্য নিজের বড় ক্ষতিতেও পিছপা হলেন না এক যুবক। নিজের পায়ের পাতার একটা অংশ কেটে ফেললেন তিনি।

মেডিক্যাল বা চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার জন্য যে প্রবেশিকা পরীক্ষায় সফল হতে হয় সেটি এনইইটি বা নিট। এই পরীক্ষায় সফল হলে তবেই এমবিবিএস পড়ার জন্য কোনও মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়া যায়।

এক বছর ২০-র তরুণ সেই নিট পরীক্ষা ২ বার দিয়েছিলেন। কিন্তু ২ বারই অসফল হন তিনি। এই ব্যর্থতা তাঁকে গভীর মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়।

কিছুদিন আগে তাঁর দাদা হঠাৎ পুলিশে অভিযোগ জানান যে তাঁর ভাইকে রাতে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি আক্রমণ করে। তারপর তাঁর পায়ের পাতার একটা অংশ কেটে নেয়। পুলিশ তদন্তে নামে।

তদন্তে নামার পর কিন্তু পুলিশের সন্দেহ বাড়তে থাকে। ওই তরুণকে প্রশ্ন করে, তাঁর ডায়েরি পরীক্ষা করে এবং এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে এমন কোনও ঘটনা ঘটেনি।

পুলিশ বুঝতে পারে ওই ছাত্র মেডিক্যাল পাওয়ার জন্য মরিয়া ছিলেন। ২০২৬ সালে তিনি মেডিক্যালে সুযোগ পাবেনই বলেও লিখেছিলেন। সব দিক খতিয়ে দেখে পুলিশের দৃঢ় ধারনা হয় ওই ছাত্র মেডিক্যালে নিট দিয়ে সাধারণভাবে যেহেতু সুযোগ পাচ্ছিলেন না, তাই তিনি বিশেষভাবে সক্ষম কোটায় সুযোগ নিশ্চিত করতে চেয়েছিলেন।

সেজন্য তিনি নিজেই তাঁর পায়ের পাতার কিছুটা অংশ কেটে নিজেকে বিশেষভাবে সক্ষম করে তোলেন যাতে সেই কোটায় তিনি মেডিক্যাল পড়ার সুযোগ পান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *