Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া পুরনো ডিএ দেওয়া শুরু হচ্ছে মার্চ থেকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া পুরনো ডিএ দেওয়া শুরু হবে মার্চ মাস থেকে। একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ঘোষণার আগেই জানালেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুক্ষণ আগেই ফের বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এবারের ভোটের অন্যতম মাস্টার স্ট্রোক বলেও মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন তাঁর এক্স হ্যান্ডলে জানান, রাজ্য সরকারি কর্মচারি, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারি, গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠান যেমন পঞ্চায়েত, পুরসভা প্রভৃতিতে কর্মরতরা, সকলকে মার্চ মাস থেকেই বকেয়া পুরনো ডিএ প্রদান করবে রাজ্যসরকার। রোপা ২০০৯ ডিএ এরিয়ার মার্চ মাস থেকেই পেতে শুরু করবেন তাঁরা।

রাজ্য সরকারি কর্মচারিরা রোপা ২০০৯-এর এরিয়ার হিসাবে এই ডিএ পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। হাইকোর্ট কর্মচারিদের পক্ষে রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় মামলা। অবশেষে সুপ্রিম কোর্টও রাজ্যসরকারকে তা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

তারপরেও রাজ্যসরকারের তরফে বিষয়টি নিয়ে কোনও ঘোষণা ছিলনা। ভোটের দিন ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর তরফে এই ঘোষণা তাঁর ভোট বাক্সেও সদর্থক ভূমিকা নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

এদিন মুখ্যমন্ত্রী পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমেই পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।

এখন তাঁরা পান মাসে ১৫০০ টাকা করে। ৫০০ টাকা করে বেড়ে সেই অঙ্কটা মাসে ২০০০ হল। অবশ্যই পুরোহিত ও মুয়াজ্জিনদের মুখে হাসি ফুটিয়েছে এই ঘোষণা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *