সাদা জামার পকেটে ইস্ত্রির পোড়া দাগ, সেই জামার দাম ১ লক্ষ টাকা
একটা সাদা জামা ইস্ত্রি করার সময় যদি বুক পকেটে ইস্ত্রির পোড়া দাগ পড়ে যায় তাহলে সে জামা আর পরার মত থাকেনা। কিন্তু সেই জামাই বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়।
সাদা জামা এমনিতেই খুব সাবধানে ব্যবহার করতে হয়। এমনকি তা কাচার সময় বা ইস্ত্রি করার সময়ও সতর্ক থাকতে হয়, যাতে কোনও দাগ না লেগে যায়।
যদি কোনও সাদা শার্ট ইস্ত্রি করার সময় তার বুকপকেটের কাছে গরম ইস্ত্রিটি সময়ের চেয়ে বেশি রাখা হয় বা বেশি চেপে ইস্ত্রি করা হয়, তাহলে সেখানে ইস্ত্রি থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তা হলে সেখানে একটি ইস্ত্রির আকারের ছোপ পড়ে যায়।
পোড়া দাগ হয়ে যায়। ফলে সে শার্ট আর ব্যবহারযোগ্য থাকেনা। কিন্তু এমন শার্টই বিক্রি হচ্ছে ১ লক্ষ টাকায়। সাদা ধবধবে শার্ট। একটু বড়। যার বুক পকেটে ইস্ত্রির পোড়া দাগ।
এই শার্ট বিক্রি করছে একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। সুইস ফ্রেঞ্চ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভেটেমেন্টস একে সৃজনশীলতা হিসাবেই মনে করছে।
হোয়াইট আয়রন বার্ন গ্রাফিক শার্ট নাম দেওয়া হয়েছে এই লক্ষ টাকা দামের শার্টগুলির। যার বুক পকেটে ইস্ত্রিতে পোড়ার দাগের মত ডিজাইন করে দেওয়া হয়েছে। আর তাতেই তার দাম গিয়ে ঠেকেছে ১ লক্ষ টাকায়।
এই শার্ট নিয়ে এখন হাসাহাসির অন্ত নেই। সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল উঠেছে। একটা ইস্ত্রির পোড়া দাগের সাদা শার্ট কেন ১ লক্ষ টাকা দিয়ে কিনবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।













