ভারতের মত দেশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সকালে স্নান করবেনই। প্রয়োজনে রাতেও আর একবার স্নান করে থাকেন। রাতে যদিও বা তাঁরা স্নান না করেন, সকালে স্নান ভারতীয়দের বহুকালের অভ্যাস। কিন্তু এমন একটি দেশ রয়েছে যেখানে মানুষ সকালে নয় রাতে স্নান করতেই অভ্যস্ত। তাঁদের পছন্দ রাতে স্নান।
যে দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় সেখানেই মানুষ কিনা রাতে স্নান করতে পছন্দ করেন! জাপানের কথাই হচ্ছে। জাপানের মানুষ সকালের চেয়ে রাতে স্নানটা বেশি পছন্দ করেন। এর পিছনে কেবল স্নান করে পরিস্কার হওয়াই নয়, রয়েছে অন্য কারণও।
জাপানিরা সন্ধের পর সব কাজ সেরে বাড়ি ফিরে তারপর স্নান করেন। প্রথমে তাঁরা নিজেদের পরিস্কার করেন সাবান ইত্যাদি ব্যাবহার করে। তারপর তাঁরা গরম জলে স্নান করেন। এতে যেমন শরীরের ধুলো, ময়লা ঘুমোতে যাওয়ার আগে পরিস্কার হয়ে যায়, তেমনই সারাদিনের মানসিক চাপ, কায়িক পরিশ্রম, চিন্তা সব মুছে তাঁরা অনেকটা চাপমুক্ত অনুভব করেন।
তাছাড়া জাপানে আধ্যাত্মিক ভাবনা থেকেও রাতে কোনও পবিত্র জায়গায় পা দেওয়ার আগে স্নানের রীতি প্রচলিত। আর জাপানিরা শোওয়ার ঘরকে যথেষ্ট পরিস্কার ও পবিত্র বলে মনে করেন।
সারাদিনের কাজকর্মের শেষে শরীর থেকে মন, সব কিছুকে ছন্দে আনার জন্যই জাপানের মানুষ রাতে স্নান পছন্দ করেন। এতে তাঁদের ঘুমও ভাল হয়।
অন্যদিকে জাপানের মানুষের ব্যস্ত জীবনে সকালে তাঁদের হাতে সুন্দর করে স্নান করার মত সময় থাকেনা। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজ। তাই সারাদিনের শেষে একটা সুন্দর স্নান তাঁদের রীতির রূপ নিয়েছে।