বয়স ৫ হাজার বছর, ৩টি রূপকথার বাড়ির খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

৫ হাজার বছর পুরনো পাথর কেটে তৈরি ৩টি রূপকথার বাড়ির খোঁজ পাওয়া গেল। একটি জায়গায় মাটি খুঁড়ে পাওয়া গেল এদের খোঁজ।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রত্নসামগ্রি, প্রতীকী ছবি

রূপকথার বাড়ি বলেই ডাকছেন স্থানীয়রা। বাড়ি বটে। তবে ইট গেঁথে নয়। পাথর কেটে তৈরি হয়েছে বাড়িগুলি। একটি পাথরকেই কেটে কেটে একটি বাড়ির আকার দেওয়া হয়েছে। প্রাগৈতিহাসিক এই ৩টি বাড়ির কোনও খোঁজ ছিলনা। সেগুলি লুকিয়ে ছিল মাটির তলায়।

অবশেষে তাদের খোঁজ পেলেন গবেষকেরা। তাঁরা অবশ্য জানাচ্ছেন এগুলি হল স্মৃতি স্তম্ভ। যা তৈরি করা হয়েছিল প্রধানত সমাধিকক্ষ হিসাবে।

ইতালির বোনোরভা শহরের সান্ত’আন্দ্রিয়া প্রিউ প্রত্নতাত্ত্বিক অঞ্চলে খনন চালিয়ে এই ৩টি সমাধিক্ষেত্রের খোঁজ পাওয়া গেছে। যার বয়স আনুমানিক ৫ হাজার বছর।

যদি এগুলি সমাধিক্ষেত্রই হয়, তাহলে স্থানীয়রা এগুলিকে রূপকথার বাড়ি বলছেন কেন? স্থানীয়দের একটি বিশ্বাস থেকেই তাঁরা মনে করেন এগুলি রূপকথার বাড়ি। যার সঙ্গে পৌরাণিক কাহিনি জড়িয়ে আছে।

স্থানীয়দের বিশ্বাস এখানে যে পৌরাণিক সত্তাদের বাস তারা শিশুদের রক্ষা করে এবং লুকোনো ধনসম্পদ পাহারা দেয়। এ বিশ্বাস তাঁদের মুখে মুখে ঘোরে। তাই এই ৩টি বাড়ির খোঁজ তাঁদের কাছে রূপকথার বাড়ির খোঁজ পাওয়া।

ইতালির সার্ডিনিয়ার সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই খোঁজের কথা জানানো হয়। তারপরই এই খবর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।

এইরকম সমাধিক্ষেত্র ওই অঞ্চলে অবশ্য নতুন কোনও পাওয়া নয়। বরং এই ৩টি সমাধিক্ষেত্র উদ্ধার হওয়ার পর ওই অঞ্চলে এমন ধরনের সমাধিক্ষেত্রের সংখ্যা দাঁড়াল ২০টি। যা বিভিন্ন সময় মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে।