দেওয়ালে গাঁথা হয়ে গিয়েছিল একটি বেড়াল, আশ্চর্য উদ্ধারে জীবন ফিরে পেল সে
এ যেন কোনও কাহিনি। বাস্তব নয়। কারণ বাস্তবে একটি জলজ্যান্ত বেড়াল কীভাবে দেওয়ালের পিছনে গাঁথা হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না কেউ।
২ সপ্তাহ কেটে গিয়েছিল। কিন্তু বেড়ালের কোনও খোঁজ ছিলনা। স্বভাবতই উদ্বেগে ভুগছিলেন বেড়ালটি মনিব এক মহিলা। বেড়াল কোথায় হারিয়ে গেল তা বুঝে উঠতে পারছিলেননা তিনি। বেড়ালটির কেউই কোনও খোঁজ দিতে পারছিলেননা। অবশেষে তার খোঁজ পাওয়া গেল।
তবে যেখানে পাওয়া গেল তা কল্পনার বাইরে। শহরের দমকল বিভাগের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় তারা ভোর ৪টের সময় একটি ফোন পায়। যেখানে শহরের এক বাসিন্দা ফোনে জানান তিনি একটি দেওয়ালের পিছন থেকে বেড়ালের ডাক শুনতে পাচ্ছেন।
দমকলকর্মীরা দ্রুত সেখানে হাজির হন। বাড়ির যেমন দেওয়াল হয় তেমন দেওয়ালের গাঁথনির পিছন থেকে বেড়ালের ডাকের শব্দ পাওয়া যায়। সাহায্যের জন্য আকুতি শুনতে পান দমকলকর্মীরা।
কিন্তু এটা বুঝে উঠতে পারছিলেননা দেওয়ালের ঠিক কোন জায়গার পিছন থেকে শব্দটা আসছে। ফলে এটাও পরিস্কার হচ্ছিল না দেওয়ালের কোন অংশটা ভাঙতে হবে।
বেড়ালের হদিশ পেতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করেন দমকলকর্মীরা। যা জানান দেয় বেড়ালটি ঠিক দেওয়ালের কোন অংশের পিছনে আটকে আছে। সেটা জানার পর দ্রুত সেই দেওয়াল ভাঙা শুরু হয়।
কিছুটা ভাঙার পরই বেড়ালটির দেখা মেলে। বেড়ালটি দেওয়ালের গাঁথনির পিছনে আটকে আছে। তাকে উদ্ধার করেন দমকলকর্মীরা। বেড়ালটি সুস্থ আছে। তাকে তার মনিবের কাছে ফিরিয়েও দেওয়া হয়েছে। বেড়ালের আশ্চর্য উদ্ধারের এই ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের কর্ক সিটিতে।













